
গাজীপুরের কড্ডায় ১৪৯ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সামিট পাওয়ারের সঙ্গে চুক্তি সই করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। দ্বৈত জ্বালানি (ফার্নেস তেল অথবা প্রাকৃতিক গ্যাস) ভিত্তিক এই কেন্দ্র স্থাপন করছে সামিটের অঙ্গপ্রতিষ্ঠান সামিট এইস অ্যালায়েন্স পাওয়ার লিমিটেড।
গতকাল বুধবার বিকেলে বিদ্যুৎ ভবনে চুক্তি সই অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এখন দেশে মোট উৎপাদিত বিদ্যুতের প্রায় ৪৯ শতাংশ করছে বেসরকারি খাত। বিদ্যুৎ খাতে বেসরকারি খাতের ক্রমবর্ধমান সক্ষমতার শীর্ষস্থানে রয়েছে সামিট। সামিট জ্বালানি খাতেও একটি এলএনজি টার্নিমাল স্থাপনে বিনিয়োগ করছে।
সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’-এর অংশীদার হতে পেরে তাঁরা গর্বিত। বর্তমানে সামিট গ্রুপের ১৬টি কেন্দ্র মোট ১ হাজার ৫৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। গাজীপুরের কেন্দ্রটিতে হবে আরও প্রায় ১৫০ মেগাওয়াট। ভবিষ্যতে সামিট গ্রুপ আরও ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করেছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যুৎসচিব আহমেদ কায়কাউস ও বিপিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ। অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগ ও সামিটের মধ্যে বিদ্যুৎকেন্দ্রের বাস্তবায়ন চুক্তি (আইএ) এবং বিপিডিবি ও সামিটের মধ্যে বিদ্যুৎ কেনাবেচা (পিপিএ) সই হয়। বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব (উন্নয়ন) শেখ ফয়জুল আমীন, বিপিডিবির সচিব মিনা মাসুদুজ্জামান ও সামিট এইস অ্যালায়েন্স পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোজাম্মেল হোসেন নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।