সামুদ্রিক ইলিশের নামে দেদার বিক্রি হচ্ছে 'চন্দনা' মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শহর ও প্রত্যন্ত গ্রামাঞ্চলে ইলিশ বলে ‘চন্দনা’ নামের একধরনের সামুদ্রিক মাছ দেদার বিক্রি হচ্ছে। দেখতে ইলিশের মতো হওয়ায় মাছটিকে ইলিশ বলে সহজেই চালিয়ে দিতে পারছেন বিক্রেতারা। গতকাল শুক্রবার সকালে শহরের কয়েকটি গ্রামে ঘুরে এ মাছ বিক্রি হতে দেখা যায়।
সরেজমিনে গতকাল শুক্রবার সকালে দেখা যায়, গোয়ালন্দ পৌরসভার ময়ছের মাতুব্বর পাড়ার ফাঁকা মাঠে বসে জাটকার (ছোট ইলিশ) মতো দেখতে একধরনের মাছ পাতিল থেকে বের করে ধুয়ে আবার পাতিলে ভরছেন তিন ব্যক্তি। কাছে গিয়ে পরিচয় জানতে চাইলে বলেন, তাঁরা কিশোরগঞ্জ থেকে এসেছেন। নাম ফরিদ মিয়া (৩০), নুরুল ইসলাম (৩৫) ও আনোয়ার হোসেন (৩২)। কয়েক দিন ধরে তাঁরা উপজেলা শহর ও গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে এসব মাছ বিক্রি করছেন। কী মাছ জানতে চাইলে বলেন, সমুদ্রের ‘চন্দনা’ ইলিশ। পরিষ্কার করে ধোয়ার পর মাছগুলো দেখতে ছোট জাটকার মতো চকচক করছে। জাটকা ভেবেই লোকজন কিনছেন বলে জানালেন তিন বিক্রেতা।
মাছ ঘিরে দাঁড়িয়ে থাকা স্থানীয় আউয়াল শেখ বলেন, দুই দিন আগে গ্রাম থেকে তিনি ৬০০ থেকে ৭০০ গ্রাম ওজনের চারটি মাছ ১০০ টাকায় কিনেছেন। স্বাদ ভালোই। যাঁদের ইলিশ কেনার সামর্থ্য নেই, তাঁরাই মূলত ইলিশের স্বাদ নিতে অপেক্ষাকৃত কম দামে এ মাছ কিনছেন।
এ সময় নাসিমা বেগম নামের এক গৃহবধূ এগিয়ে এসে বলেন, ‘আগে শুধু শহরেই এই মাছ পাওয়া যাইত বইলা শুনছি। কয়েক দিন ধইরা এখানেও পাওয়া যাইতাছে। গ্রামের অনেকেই এই মাছ কিনতাছে।’
বিক্রেতা নুরুল ইসলাম ও ফরিদ মিয়া বলেন, প্রতিদিন ভোরে ফরিদপুরের ভাঙ্গার মোড় থেকে পাইকারি দরে এ মাছ কিনে গোয়ালন্দে আসেন তাঁরা। একেকজন ৩০ থেকে ৪০ কেজি করে মাছ কিনেন।
সমুদ্র থেকে আসে বলে বরফে ঢেকে সেগুলো আনা হয়। গোয়ালন্দে আনার পর বরফ পরিষ্কার করে গ্রামে গ্রামে ঘুরে এগুলো বিক্রি করে থাকেন তাঁরা। ১০০ থেকে ১৫০ টাকা হালি হিসেবে বিক্রি হচ্ছে মাছগুলো। এতে দিন শেষে এক থেকে দেড় হাজার টাকা লাভ থাকে।