সামুদ্রিক উন্নয়নে আইএমওর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সামুদ্রিক কর্মকাণ্ড উন্নয়নে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, নদীমাতৃক দেশ হওয়ায় বাংলাদেশের সামুদ্রিক উন্নয়নে আইএমওর অধিকতর সহায়তা ও সহযোগিতা প্রয়োজন। খবর বাসস ও ইউএনবির। আইএমওর মহাসচিব কোজি সেকিমিঝো গতকাল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। বাংলাদেশের বিকাশমান জাহাজনির্মাণ শিল্পের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার এই শিল্পের আরও উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তিনি বাংলাদেশি নাবিকদের জন্য প্রশিক্ষণ, প্রত্যয়ন ও পরিবীক্ষণ ক্ষমতা বৃদ্ধিতে আইএমওর কারিগরি সহায়তার আহ্বান জানান। কাতারের নতুন আমিরকে অভিনন্দন: প্রধানমন্ত্রী কাতারের নতুন আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল নতুন আমিরকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির ক্ষমতা ছেড়ে দেওয়ার পর কাতারের নতুন আমির হিসেবে শেখ তামিম বিন হামাদ আল-থানির দায়িত্ব গ্রহণ একটি ঐতিহাসিক ঘটনা। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, শেখ তামিম আল-থানির নেতৃত্বে ভবিষ্যতে এই উপসাগরীয় দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে।