সামুদ্রিক মৎস্য দপ্তরের কর্মকাণ্ডে সংসদীয় কমিটির অসন্তোষ
সামুদ্রিক মৎস্য দপ্তরের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। এই প্রতিষ্ঠানে অবিলম্বে একজন দক্ষ পরিচালক নিয়োগের সুপারিশ করেছে কমিটি। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।আশরাফউদ্দিন নিজানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, জিল্লুল হাকিম, মীর শওকত আলী, মকবুল হোসেন, জাফর ইকবাল সিদ্দিকী, মঞ্জুর কাদের কোরাইশী এবং নূর আফরোজ আলী অংশ নেন।কমিটির সভাপতি আশরাফউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিচালককে আমরা বৈঠকে আমন্ত্রণ জানিয়েছি। কমিটির পক্ষ থেকে তাঁর কাছে বেশ কিছু বিষয়ে জানতে চাওয়া হয়। কিন্তু তিনি কোনো প্রশ্নেরই সন্তোষজনক উত্তর দিতে পারেননি। সে জন্য কমিটি এই দপ্তরের জন্য নতুন একজন যোগ্য পরিচালক নিয়োগের সুপারিশ করেছে।’আশরাফউদ্দিন জানান, বৈঠকে সামুদ্রিক মৎস্যসম্পদের জরিপকাজ পরিচালনার জন্য আধুনিক জরিপ-জাহাজ কেনার সুপারিশ করা হয়। বৈঠকে তড়কা রোগ (অ্যানথ্রাক্স) নিয়েও আলোচনা হয়। তিনি বলেন, বর্তমানে দেশে অ্যানথ্রাক্স নেই। সুতরাং আগামী ঈদে দেশবাসী নিশ্চিন্তে গরু কোরবানি দিতে পারবেন।সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির বৈঠক সম্পর্কে জানানো হয়, বৈঠকে প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে শেষ হওয়া প্রকল্পগুলোর যানবাহন ব্যবহার-সংক্রান্ত বিষয় তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য জিল্লুল হাকিমকে আহ্বায়ক এবং মকবুল হোসেন ও নূর আফরোজ আলীকে সদস্য করে একটি উপকমিটি করা হয়েছে।