সামুদ্রিক সম্পদ আহরণে এগিয়ে আসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামুদ্রিক সম্পদ আহরণের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে।
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত সেমিনারে বক্তারা এই তাগিদ দেন। গতকাল শনিবার চট্টগ্রামের হল ২৪ কনভেনশন সেন্টারে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে ‘সমুদ্রসীমা ও বাংলাদেশের সমুদ্র অর্থনীতির সম্ভাবনা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্রবিষয়ক ইউনিটের সচিব খোরশেদ আলম।
মূল প্রবন্ধে বলা হয়, বিশাল সমুদ্রসীমা জয়ের ফলে বাংলাদেশের সামনে জাহাজ নির্মাণ শিল্প ও বন্দরসুবিধা বৃদ্ধি, মৎস্য ও জলজ সম্পদসহ সমুদ্র তলদেশে থাকা প্রাকৃতিক সম্পদ আহরণ এবং পর্যটন ব্যবসা সম্প্রসারণ প্রভৃতি সম্ভাবনা তৈরি হয়েছে।
খোরশেদ আলম বলেন, ‘২০১৩ সালে বঙ্গোপসাগর থেকে ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড ৮০ লাখ টন মাছ শিকার করেছে। অথচ আমরা মাত্র ৭৩ হাজার টন মাছ শিকার করেছি। আধুনিক মাছ ধরার ট্রলার ও সরঞ্জামের অভাবে প্রতিবেশী দেশগুলো থেকে মৎস্য সম্পদ আহরণে আমরা পিছিয়ে আছি।’
মূল প্রবন্ধে বলা হয়, ‘উপকূল অঞ্চল থেকে বঙ্গোপসাগরের ৬৬৪ কিলোমিটার পর্যন্ত বাংলাদেশের সমুদ্রসীমা বিস্তৃত। এর মধ্যে ৬০০ কিলোমিটার সমুদ্রসীমা থেকে কোনো কিছুই আহরণ করতে পারছি না।’
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, আইবিএফবির সভাপতি হাফিজুর রহমান, সংগঠনের সাবেক সভাপতি ও সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী।
সেমিনার সঞ্চালনা করেন আইবিএফবির চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন। সেমিনারের পৃষ্ঠপোষকতা করে লংকাবাংলা।
সেমিনারে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, সমুদ্র অর্থনীতির সম্ভাবনা কাজে লাগানোর জন্য চট্টগ্রামকে আধুনিক নগরে রূপান্তর করতে হবে। এ জন্য নগরবাসী এবং সরকারি সংস্থা ও উদ্যোক্তাদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, সাগরে নিরাপত্তা জোরদার করা উচিত। কারণ এখন যেটুকু অঞ্চলে মৎস্য শিকার হচ্ছে, সেখানে ডাকাতের কবলে পড়ে প্রাণ হারাচ্ছে জেলেরা।
আইবিএফবির চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন বলেন, সমুদ্র অর্থনীতিতে জাহাজশিল্প বড় ভূমিকা পালন করতে পারে। সমুদ্রগামী জাহাজ তৈরিতে সক্ষম অনেক শিপইয়ার্ড আছে দেশে। ফলে সমুদ্র অর্থনীতিকে ঘিরে এই শিল্পও প্রসার লাভ করতে পারে।