সামুদ্রিক সম্পদে কর্তৃত্ব প্রতিষ্ঠায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলায় জয়ের পর বঙ্গোপসাগরের একাংশে বাংলাদেশের আইনি কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এখন সামুদ্রিক সম্পদে নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার লক্ষ্যে জনগণের স্বার্থে সম্পদ ব্যবহারে দ্রুত দক্ষ জনবল তৈরি করতে হবে। পাশাপাশি সাগরের গ্যাস ব্লক বিদেশিদের কাছে ইজারা দেওয়া বন্ধ করতে হবে। গতকাল বুধবার তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর জাতীয় রক্ষা কমিটি এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে। সংবাদ সম্মেলনে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, সমুদ্রসীমা জয়ের যে ব্যাপারটি ঘটেছে, এ অর্জন প্রসঙ্গে জনসচেতনতা বাড়ানো দরকার। ভূখণ্ডের সম্পদ রক্ষা করতে যেখানে আমাদের কষ্ট হচ্ছে, সেখানে উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইলের মধ্যে কী পাচ্ছি সেটা খতিয়ে দেখতে হবে। এ সম্পদের অধিকার রক্ষায় আমাদের দক্ষতা বাড়ানো দরকার। জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, সম্পদ যদি অন্যের ভোগের জন্য চলে যায়, সরকার যদি জনগণের স্বার্থে ওই সম্পদ ব্যবহারে আগ্রহী না হয়, তবে সমুদ্রের সীমানা বৃদ্ধির ফলে আনন্দিত হওয়ার কোনো কারণ ঘটে না। সমুদ্রসীমা জয়ের মাধ্যমে সম্পদে আমাদের যে সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে, তা রক্ষায় শক্তিশালী নৌবাহিনী গঠন করতে হবে। কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, ‘ইটলসের রায়ের মাধ্যমে আমরা কয়েকটি শিক্ষা অর্জন করেছি। প্রশ্ন তোলা হয় আমাদের সামর্থ্য নিয়ে। এ রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্বাচিত করে দায়িত্ব দেওয়া হলে আমাদের পক্ষেও বিরাট কিছু অর্জন সম্ভব। সমুদ্রসীমার দাবি প্রতিষ্ঠায় যখন ২০০৮-০৯ সালে ভূতাত্ত্বিক জরিপের কথা ওঠে, তখন বলা হয়েছিল, এ কাজ বিশ্বব্যাংক-এডিবির সহায়তা ছাড়া সম্ভব নয়। অথচ অল্প সময়ের মধ্যে আমাদের নৌবাহিনীর জন্য জরিপকারী জাহাজ সংগ্রহের পর আমাদের দেশের লোকেরাই কাজ শেষ করেছে।’এ রায়ের পর গ্যাস ব্লক পুনর্নির্ধারণের প্রয়োজনীয়তা আছে কি না প্রশ্ন করা হলে আনু মুহাম্মদ বলেন, ‘এখনই গ্যাস ব্লক পুনর্নির্ধারণের প্রয়োজন নেই। আমরা কনোকোফিলিপসসহ বহুজাতিক কোম্পানিকে ইজারার বিরোধিতা করছি। কারণ, তারা ব্লকের ইজারা নিয়ে শেষ পর্যন্ত কাজটি চীনের একটি প্রতিষ্ঠানকে সাব-কন্ট্রাক্ট দিয়েছে। কাজেই যত দিন আমাদের নিজেদের সক্ষমতা না হয়, পেট্রোবাংলাও তো অন্য প্রতিষ্ঠানকে সাব-কন্ট্রাক্ট দিতে পারে।’ সংবাদ সম্মেলনে সমুদ্র অঞ্চল ও সম্পদ রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক নুর মোহাম্মদ প্রবন্ধ উপস্থাপন করেন। গণফ্রন্টের আহ্বায়ক টিপু বিশ্বাস, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, সিপিবির নেতা রুহিন হোসেন প্রিন্স, বাসদ নেতা বজলুর রশীদ, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি প্রমুখ উপস্থিত ছিলেন।