সাম্পান বাইচে ভাঙল চাঁটগাইয়া মেলা

নদীর দুই পাড়ে হাজারো নারী-পুরুষ। নদীতে ভাসা নৌকাতেও মানুষের ঢল। বাদ্য বাজছে। এর মধ্যেই হঠাৎ বেজে উঠল হুইসেল। অমনি চট্টগ্রাম নগরের অভয় মিত্র ঘাট থেকে সাতটি সাম্পান ছুটল চরপাথরঘাটার দিকে। প্রতি নৌকায় বইঠা বাইছেন নয়জন মাঝি। হর্ষধ্বনিতে মুখর চারদিক।
গতকাল মঙ্গলবার বিকেলে এই চিত্র দেখা গেল কর্ণফুলী নদীতে। ‘কর্ণফুলী বাঁচলে বাংলাদেশ বাঁচবে’ স্লোগান সামনে রেখে অনুষ্ঠিত হয় এই সাম্পান বাইচ।
সাম্পান খেলা ও চাঁটগাইয়া সংস্কৃতি মেলা নামের দুই দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে গতকাল বাইচ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম আঞ্চলিক সাংস্কৃতিক একাডেমি কর্ণফুলী নদী ও ঘাট রক্ষার দাবিতে এই অনুষ্ঠানমালার আয়োজক। সোমবার সাম্পান শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিল গতকালের সাম্পান বাইচ। ইঞ্জিনচালিত বড় একটি স্টিমারে বসে বেলুন উড়িয়ে বাইচের উদ্বোধন করেন পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম।
সাম্পান বাইচে প্রথম হয় কোলাগাঁওয়ের জাহাঙ্গীর আলম মাঝি ও তাঁর দল। দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে শিকলবাহার শেখ আহমদ মাঝির দল ও দ্বীপ কালারপোলের লিটন মাঝির দল। সেরা তিন দলকে যথাক্রমে ৪০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়।
এর আগে বাইচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চারদিক থেকে সাতটি সাম্পানের পিছু পিছু উৎসুক জনতা ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ছুটতে থাকে। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণী, বয়োবৃদ্ধদেরও দেখা যায় নৌকায় এবং নদীর পাড়ে। অনেক নৌকায় মাইকে কর্ণফুলী নিয়ে গান বাজছিল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক মো. আজম আলী। বক্তব্য দেন সিডিএর চেয়ারম্যান, পুলিশ কমিশনার, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলী প্রমুখ। বক্তারা কর্ণফুলী নদীকে দূষণ ও দখল থেকে দূরে থাকার পাশাপাশি সদরঘাট ও অভয় মিত্র ঘাট রক্ষার দাবি জানান।
দুই দিনের অনুষ্ঠান উপলক্ষে চর পাথরঘাটা মাঠে মেলা বসেছিল।