সাম্পানবাইচ যেন প্রাণের জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর দুই তীরে হাজার হাজার নারী-পুরুষের ভিড়। ঘাটসংলগ্ন নদীতে জলকেলিতে ব্যস্ত দুরন্ত কিশোরের দল। ঘাটে কোনো নৌকা বাঁধা নেই। সব নৌকা পানিতে ভাসছে। কোনোটিতে মাইকে উচ্চ স্বরে কর্ণফুলী ও সাম্পান নিয়ে রচিত গান বাজছে। গানের তালে তালে নাচছে কিশোর ও তরুণ দল। তাদের এই আনন্দ-উৎসব ‘সাম্পান খেলা’ বা সাম্পানবাইচকে ঘিরে।
কর্ণফুলী দূষণ ও দখলের প্রতিবাদে কয়েক বছর ধরে এই সাম্পানবাইচের আয়োজন করা হয়। গতকাল শনিবার বিকেলে পূর্ণ জোয়ারে ছয়টি সাম্পান যখন উত্তর তীর থেকে দক্ষিণ তীরের দিকে ছুটল, তখন তাদের আশপাশে ঘিরে থাকা নৌকায় দর্শকদের হর্ষধ্বনি ও করতালিতে মুখর চারদিক। তীরের দর্শকদের মধ্যেও আনন্দের ঢেউ।
কর্ণফুলী পাড়ের মানুষের এই অঞ্চলের ঐতিহ্যবাহী জলযান সাম্পানের সঙ্গে পরিচয় সেই ছোটবেলা থেকে। প্রতিদিন সকাল-বিকেল সাম্পানযোগে দক্ষিণ পাড় থেকে উত্তর পাড়ের নগরে যাতায়াতও করেন অনেকে। তবু সাম্পানবাইচ দেখার জন্য উৎসুক জনতার ভিড় অবাক করার মতো। প্রতিযোগিতার প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীও একটি ইঞ্জিনচালিত নৌকায় চড়ে বাইচ উপভোগ করেন।
উত্তাল ঢেউ ঠেলে এগিয়ে যায় ছয়টি সাম্পান। প্রতিটিতে নয়জন করে অভিযাত্রী। ঘামঝরানো বৈঠা টানা শেষে সাফল্যের হাসি হাসেন চরপাথরঘাটার জাহাঙ্গীর আলম ও তাঁর দল। দ্বিতীয় হয় শিকলবাহা মাস্টারঘাটের কাশিম আলী মাঝি ও তাঁর দল এবং তৃতীয় স্থান অধিকার করেন চরলক্ষ্যা বোর্ড বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নুর মোহাম্মদ ও তাঁর দল।
চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি একাডেমি আয়োজিত এই সাম্পানবাইচের উদ্বোধন করেন চরলক্ষ্যা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
পরে চাটগাঁইয়া সংস্কৃতি মেলার আয়োজন করা হয়। এতে নৃত্য পরিবেশন করেন খাগড়াছড়ি থেকে আগত ত্রিপুরা শিল্পীরা।