সাম্পানবাইচে প্রাণের জয়গান
কর্ণফুলীর বুকে ইঞ্জিনচালিত সাম্পানে গানের তালে তালে নাচছে শিশু-কিশোর, তরুণ-তরুণী। কখনো ‘ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা’, কখনোবা ‘ওরে কর্ণফুলী রে সাক্ষী রাখিলাম তোরে’। দুই তীরেও উৎসুক হাজারো নারী-পুরুষ। এই আনন্দ আয়োজন চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পানকে ঘিরে।
কর্ণফুলীদূষণ ও দখলের প্রতিবাদে গতকাল রোববার কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাটে ‘সাম্পান খেলা’ বা নৌকাবাইচের আয়োজন করা হয়। কয়েক বছর ধরে কর্ণফুলী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন ও চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি একাডেমি সাম্পান খেলা ও চাটগাঁইয়া সংস্কৃতি মেলার আয়োজন করে আসছে।
এ অঞ্চলের ঐতিহ্যবাহী জলযান সাম্পানের সঙ্গে কর্ণফুলীপাড়ের মানুষের পরিচয় জন্মের পর থেকেই। প্রতিদিন সকাল-বিকেল সাম্পানযোগে দক্ষিণ পাড় থেকে উত্তর পাড়ের নগরে যাতায়াতও করেন অনেকে। তবু সাম্পানবাইচ দেখার জন্য উৎসুক জনতার ভিড় অবাক করার মতো। বর্ণিল সাজে সজ্জিত এসব নৌকায় ছিল বিভিন্ন বয়সের উৎসুক নারী-পুরুষ।
প্রতিযোগিতায় অংশ নেওয়া সাতটি সাম্পানের প্রতিটিতে নয়জন করে মাঝি-মাল্লা ছিলেন। একযোগে বইঠা বেয়ে উত্তাল ঢেউ ঠেলে তাঁরা এগিয়ে যান দক্ষিণ তীরের চরপাথরঘাটার দিকে। আধা কিলোমিটারের বেশি নদী পথ পাড়ি দিয়ে সাফল্যের হাসি হাসে চরলক্ষ্যা এলাকার জাহাঙ্গীর আলমের গ্রীন পার্ক সাম্পান দল। দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে শিকলবাহার আহছানিয়া পাড়া ও শিকলবাহার তৈয়ব আলী মাঝি ও তাঁর দল। তিনটি দলকে পুরস্কার হিসেবে তিনটি ফ্রিজ দেওয়া হয়।
এর আগে সাম্পান খেলার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ডায়মন্ড সিমেন্টের পরিচালক আজিম আলী। পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ।
পুরস্কার বিতরণ শেষে আঞ্চলিক গান পরিবেশন করেন শিল্পীরা। এ ছাড়া আদিবাসী নৃত্য ও রাতে নাটক মঞ্চস্থ হয়।
দুদিনব্যাপী এ উৎসবের শুরু হয় শনিবার সাম্পান শোভাযাত্রার মধ্য দিয়ে। চাটগাঁইয়া সংস্কৃতি মেলা উপলক্ষে কর্ণফুলীর দক্ষিণ তীরে চরপাথরঘাটা এলাকায় কারুপণ্যের মেলা বসেছে। সেখানে নাগরদোলায় মেতে রয়েছে শিশু-কিশোরের দল। মেলায় বাঙালির ঐতিহ্যবাহী বাঁশ ও বেতের কারুপণ্য, খেলনাসহ নানা সামগ্রীর সমাহার ঘটেছে।