ত্বকী হত্যাকাণ্ডের ৪১ মাস পূর্ণ, সমাবেশ ও মোমবাতি প্রজ্বালন
সাম্প্রতিক কিছু হত্যাকাণ্ডের বিচার নিয়ে মানুষ সন্দিহান

মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ৪১ মাস পূর্ণ হওয়ায় সমাবেশ ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। গতকাল সোমবার সন্ধ্যায় চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে ত্বকীর বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, সাগর-রুনি হত্যা মামলাসহ আরও কয়েকটি মামলা বিভিন্ন কারণ দেখিয়ে মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে। একইভাবে ত্বকী হত্যাকারীদের চিহ্নিত করে তদন্তকারী সংস্থা সবাইকে জানিয়ে দেওয়ার পরও মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে মামলাটি।
রফিউর রাব্বী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার এই সরকারের একটি সফলতম কাজ, এ জন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই। কিন্তু পাশাপাশি দেশে আরও সংঘটিত হত্যাগুলোর বিচার করবে কি করবে না, সে ব্যাপারে মানুষ সন্দিহান।’ তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ব্যাপারে পুলিশ কতটা নির্লজ্জ হতে পারে, তা এখন দেখছি। সারা দেশের মানুষ এই লাঞ্ছনার দৃশ্য ভিডিও ফুটেজে দেখলেও পুলিশ বলছে এটা সত্যি না। সরকারকে বলতে চাই, সাপ নিয়ে খেলবেন না, এতে নিজেই দংশিত হবেন।’
ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র দিয়ে বিচার-প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে ত্বকীর বাবা বলেন, র্যাবের তদন্তে সবকিছু প্রকাশিত হওয়ার পরও ত্বকী হত্যাকাণ্ডের অভিযোগপত্র আটকে রেখে ঘাতকদের উৎসাহিত করা হচ্ছে। আজমেরী ওসমানকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জাহিদুল হক ভূঁইয়া, জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়, সাবেক সভাপতি প্রদীপ ঘোষ, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান ও গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন।
২০১৩ সালের ৬ মার্চ ত্বকীকে অপহরণ ও খুন করা হয়। ৮ মার্চ শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার হয়। এ হত্যা মামলায় গ্রেপ্তার সুলতান শওকত ওরফে ভ্রমর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি বলেন, আজমেরী ওসমানের নেতৃত্বে কলেজ রোড এলাকায় তাঁর টর্চার সেলে নির্যাতন চালিয়ে ত্বকীকে হত্যা করা হয়।