
জাপানের ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে বিনিয়োগের দ্বার খোলা আছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাম্প্রতিক কিছু ঘটনা এই বিনিয়োগবান্ধব পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে না।
জাপানের রাজধানী টোকিওতে গতকাল রোববার সকালে দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক প্রাতরাশকালীন বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি চাই জাপানি বন্ধুরা আমাদের তারুণ্যদীপ্ত যুব জনশক্তি এবং ব্যাপক সুবিধা কাজে লাগাক।’
শেখ হাসিনা বলেন, জাপানি ব্যবসায়ীদের কলকারখানা স্থাপন এবং প্রত্যেক জাপানি নাগরিকের জন্য সম্ভাব্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা সাম্প্রতিক কালে বাংলাদেশে ঘটে যাওয়া কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে সুরক্ষা এবং নিরাপত্তাজনিত শঙ্কায় থাকতে পারেন। কিন্তু আমি আপনাদের এই বলে আশ্বস্ত করছি যে, আমাদের সরকার যেকোনো প্রকার সন্ত্রাস এবং চরমপন্থার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী।’
বৈঠকে বাংলাদেশ এবং জাপানের মধ্যে যৌথ বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী।
দেশের তৈরি পোশাকশিল্পের সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সম্ভাবনাময় এই ক্ষেত্রটিতে যৌথ বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। তা ছাড়া সরকারও তৈরি পোশাক কারখানাগুলোকে গ্রিন ফ্যাক্টরি হিসেবে গড়ে তোলায় উৎসাহিত করছে।
প্রধানমন্ত্রী বলেন, এগুলো ছাড়াও জাপান বাংলাদেশে পরিবেশবান্ধব শিল্প স্থাপন এবং ব্যাপক সম্ভাবনাময় পাট খাতে যৌথ বিনিয়োগের উদ্যোগ গ্রহণ করতে পারে। বিদেশি বিনিয়োগকারীদের সুবিধার্থে সরকার ‘ওয়ান স্টপ সার্ভিস’ সুবিধা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
জাপানি বিনিয়োগকারীদের সম্ভব সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমি আপনাদের যেকোনো প্রকার প্রণোদনা প্যাকেজ, বিদ্যুৎসহ বিভিন্ন সংযোগ, সরবরাহ ও অন্যান্য সুবিধা, বিভিন্ন প্রদেয় কর শিথিলের আবেদনের সুবিধা দিতে সানন্দে রাজি আছি।’
প্রবাসীদের সংবর্ধনা: প্রবাসী বাংলাদেশিরা গতকাল বিকেলে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেন। টোকিওর ইম্পিরিয়াল হোটেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোট দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্যই পরিকল্পিতভাবে গুপ্ত হত্যা সংঘটিত করছে। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করে আদালতের রায় কার্যকর হতে না দেওয়াও তাদের অন্যতম একটি উদ্দেশ্য। তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত জোট এখন ধরে ধরে মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, গির্জার পাদরি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ নিরীহ সাধারণ মানুষকে হত্যা করে চলেছে। তাদের উদ্দেশ্য শুধু দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, আওয়ামী লীগের নেতা এবং গাজীপুর জেলা পরিষদের প্রশাসক এম আক্তারুজ্জামান এবং প্রবাসী বাংলাদেশিদের পক্ষে সাকুরা সাবের এবং সালেহ মোহাম্মদ আরিফ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: জাপানে চার দিনের সরকারি সফর শেষে গতকাল রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট রাত ১১টায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে জাপানের স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি। প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে শেখ হাসিনা গত শুক্রবার নাগোয়া শহরে জি-৭-এর আউটরিচ বৈঠকে যোগ দেন।