সাম্প্রতিক ঘটনাবলি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব্) ওপর কালো ছায়া ফেলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা৷ গতকাল বৃহস্পতিবার দুপুরে র্যাব্ সদর দপ্তরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন৷
র্যাব্ ও মার্কিন দূতাবাসের যৌথ উদ্যোগে ‘ক্রিমিনাল ইনভেস্টিগেশন অ্যান্ড ইন্সট্রাক্টর ডেভেলপমেন্ট কোর্স’ শীর্ষক আট সপ্তাহের প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সনদ বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ প্রশিক্ষণে র্যাবের ২৩ কর্মকর্তা অংশ নেন৷
অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘সবাই র্যাব সদস্যদের ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগ সম্পর্কে অবগত আছেন৷ তবে র্যাবের অভ্যন্তরীণ তদন্ত সেলের কার্যকারিতা শক্তিশালী করতে আট সপ্তাহব্যাপী এ নিবিড় প্রশিক্ষণ কোর্সে সরকারি সহযোগিতা প্রমাণ করে যে সরকারের ঊর্ধ্বতন নেতৃত্ব র্যাবের সদস্যদের জবাবদিহির ব্যাপারে সচেষ্ট৷ আমি বিশ্বাস করি, সাম্প্রতিক সময়ে ক্ষমতার অপব্যবহারের ঘটনার যেসব অভিযোগ এসেছে, সেগুলোর জন্য এ ধরনের জবাবদিহির বিষয়টি এখন অনেক গুরুত্ব বহন করে৷’
মজীনা বলেন, ‘র্যাব সদস্যদের বিরুদ্ধে যেসব নির্যাতন-নিপীড়নের অভিযোগ উঠেছে, সেগুলোর পুঙ্খানুপুঙ্খ, সময়োচিত এবং বিশ্বাসযোগ্য তদন্তকাজে আপনাদেরই নেতৃত্ব দিতে হবে৷ এসব তদন্তকাজ আপনাদের করতে হবে নির্ভয়ে৷ তদন্তের ফলাফল প্রকাশ করতে হবে, যাতে করে এ সংগঠনের ওপর জনগণের ভরসা গড়ে ওঠে৷’
সব ধরনের মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের অভিযোগের সময়োচিত, বিশ্বাসযোগ্য ও পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করার এবং প্রাপ্ত তথ্যগুলোকে স্বচ্ছভাবে জনগণের সামনে তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানান মজীনা৷ তিনি বলেন, ‘এভাবেই বিশ্বের অন্যান্য দেশের আইন প্রণয়নকারী সংস্থাগুলো, এমনকি আমার নিজ দেশের সংস্থাগুলোও ক্ষমতার অপব্যবহারকারীদের মোকাবিলা করে৷’
মার্কিন রাষ্ট্রদূত বলেন, র্যাবের নাম ব্যবহার করে যারা নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে৷ কারণ, মুষ্টিমেয় কয়েকজনের জন্য পুরো সংস্থা ও যাঁরা সম্মানের সঙ্গে কাজ করেন, তাঁদের দুর্নাম হয়৷
অনুষ্ঠানের বিষয়ে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব্ সব সময় স্বচ্ছতা ও জবাবদিহিতে বিশ্বাসী৷ যেকোনো শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডকে র্যাব বরদাস্ত করে না৷ র্যাবের সব সদস্য দেিশ ও আন্তর্জাতিক মানবাধিকারসংক্রান্ত আইন সম্বন্ধে অবগত৷ সেটি তাদের কর্মে প্রতিফলনের চেষ্টা করে৷
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকার মার্কিন দূতাবাসের সহায়তায় ২০১২ সালে র্যাব সদর দপ্তরে অভ্যন্তরীণ তদন্ত সেল গঠিত হয়৷ গত দুই বছরে এ সেল গুরুত্বপূর্ণ কিছু তদন্তকাজ সম্পন্ন করেছে এবং বর্তমানেও মোট ১০টি বিষয় তদন্তাধীন রয়েছে৷
অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল জিয়াউল আহসান, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আফতাব উদ্দিন আহমেদ ছাড়াও মার্কিন দূতাবাস এবং র্যাব সদর দপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷