চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে গত শুক্রবার পুলিশের গুলিতে পাঁচজন নিহত হওয়ার ঘটনাসহ সাম্প্রতিক সব হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি। গতকাল শনিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ের সময় এক প্রশ্নের জবাবে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।মির্জা ফখরুল স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের শুক্রবারের বক্তব্যের কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, ‘এ বক্তব্য তামাশা ছাড়া আর কিছুই নয়।’ তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘এসব ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করুন। এসব বন্ধ করুন। দোষী ব্যক্তিদের বের করুন।’ তাঁর অভিযোগ, সরকার সহিংসতা উসকে দিচ্ছে এবং জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। শুক্রবার চাঁদপুরের কচুয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের সামনে, নিরাপত্তা বাহিনীর সামনে যদি সাধারণ মানুষকে খুন করা হয়, তাহলে পুলিশ কি আঙুল চুষবে? পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে এগুলো বন্ধ করার।’লিখিত বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘এই নির্মম ও বর্বর পৈশাচিকতা দেখলে মনে হয়, সরকার পোড়ামাটি-নীতি অবলম্বন করছে। বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে নির্বিচারে গুলি করে গণহত্যা আইয়ামে জাহেলিয়াতের যুগকেও হার মানিয়েছে। বাংলাদেশ এখন পরিণত হয়েছে মৃত্যু-উপত্যকায়।’ মির্জা ফখরুলের অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে পুলিশ প্রথমে বিনা উসকানিতে গুলি করে। এরপর সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তোলে। আসামি ধরতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটছে। কারণ, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। হাজার হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব ঘটনাকে কেন্দ্র করে অনেক বাণিজ্য হচ্ছে বলে তাঁর দাবি। তিনি বলেন, ‘মিথ্যা মামলায় এভাবে আসামি ধরতে গেলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবেই। দেখলে মনে হয়, সরকার নিজেই জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।’ এসব হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ফখরুল বলেন, ১৮ দলের রোববারের (আজ) বৈঠক শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ও গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী মিথ্যাচার করছেন: এম কে আনোয়ারএদিকে ঢাকা জেলা যুবদল আয়োজিত এক মানববন্ধনে বিএনপির নেতা এম কে আনোয়ার অভিযোগ করেছেন, বর্তমান সরকার গত চার বছরে জাতিকে বিভিন্ন কেলেঙ্কারি, মিথ্যাচার, দুর্নীতি ও বিরোধী দলের নেতা-কর্মীদের নির্যাতন ছাড়া কিছুই উপহার দিতে পারেনি। তাই কেলেঙ্কারি ঢাকতে মিথ্যাচার শুরু করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিভিন্ন বিষয়ে মিথ্যাচার করছেন।গতকাল সকালে বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ আটক নেতা-কর্মীদের নামে করা ‘মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁদের নিঃশর্ত মুক্তির দাবি’তে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তৃতায় এম কে আনোয়ার বলেন, ‘হল-মার্কের চার হাজার কোটি টাকার মধ্যে ৩০০ কোটি টাকা সরকারের উচ্চপর্যায়ের লোকের পকেটে গেছে। এটা জায়েজ করতে অর্থমন্ত্রী হল-মার্কের ওই টাকা পুনঃ তফসিল করার কথা বলছেন।’