সাম্প্রদায়িক উগ্রবাদ অভিন্ন শত্রু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রদায়িক উগ্রবাদকে বাঙালির অভিন্ন শত্রু বলে আখ্যায়িত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জে এম সেন হল প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন। সীতাকুণ্ড শংকর মঠ ও মিশন শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী এই সভার আয়োজন করে।
আলোচনা সভায় বক্তব্য দেন সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ তপনানন্দ গিরি মহারাজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক জ্যোতি প্রকাশ দত্ত, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর জহর লাল হাজারী ও বিজয় কৃষাণ চৌধুরী প্রমুখ। সভায় কুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রফুল্ল রঞ্জন সিনহাকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক উগ্রবাদ শুধু হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর নয়, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব সম্প্রদায়ের শত্রু হিসেবে দাঁড়িয়েছে। মুক্তিযুদ্ধের সাফল্যকে নস্যাৎ করার চক্রান্তে লিপ্ত আছে সাম্প্রদায়িক উগ্রবাদের এ-দেশীয় দোসররা। সবাইকে এক হয়ে সাহসের সঙ্গে এই অভিন্ন শত্রুর মোকাবিলা করতে হবে।
হিন্দুধর্মাবলম্বীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘এ দেশের মানুষ হিসেবে অন্য সম্প্রদায়ের লোকজনের যে অধিকার রয়েছে, আপনাদেরও সে অধিকার রয়েছে। এ দেশের স্বাধীনতা অর্জনে সব সম্প্রদায়ের মানুষ রক্ত দিয়েছেন। আপনারা কারও কাছে মাথা নত করবেন না। নিজেদের মাইনরিটি (সংখ্যালঘু) ভাববেন না। আপনারা মাথা উঁচু করে চলবেন।’