সাম্প্রদায়িক উসকানির অভিযোগে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ‘বিশাখা’ নামক একটি প্রকাশনায় সাম্প্রদায়িক উসকানিমূলক প্রবন্ধ লেখায় মো. জাহিদুর রহমান নামের এক শিক্ষককে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল এই সাজা দেন। এ ছাড়া নাশকতা সৃষ্টির অভিযোগে একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিশাখায় আপত্তিকর প্রবন্ধ প্রকাশ করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। পাশাপাশি আপত্তিকর নিবন্ধ লেখকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা করার দাবি জানানো হয়।
মো. জাহিদুর রহমান সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শ্যামনগর উপজেলার ব্রহ্মশাসন গ্রামের আবদুর রশিদের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, মো. জাহিদুর রহমানকে গত বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ৪ এপ্রিল শহরের ইটেগাছা এলাকায় পৌর কাউন্সিলর আহম্মদ আলীর বাড়ি থেকে জঙ্গি ও মৌলবাদ-সম্পর্কিত কয়েকটি বইসহ নাশকতা সৃষ্টির আলামত উদ্ধার করা হয়। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা টিএসআই বাবুল আক্তার তাঁকে ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেছেন।
সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ম আশরাফ হোসেন জানান, জাহিদুর রহমানের শাস্তির আদেশের কপি পেলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।