চলমান রাজনৈতিক সংকট নিরসন এবং সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ বের করতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করেছেন। এর অংশ হিসেবে সিপিবি-বাসদের নেতারা গতকাল শুক্রবার সকালে ১১ দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে বলা হয়, মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত-হেফাজতের তৎপরতা ভয়ংকর আকারে দেখা দিয়েছে। তারা মুক্তিযুদ্ধের অর্জন নস্যাৎ করার তৎপরতায় লিপ্ত। সভায় এ অবস্থার অবসানে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সভায় আরও বলা হয়, সবার অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন করে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা এ সময়ের জরুরি কর্তব্য। এ জন্য দ্রুত পরস্পরের আলোচনার উদ্যোগ গ্রহণ ও সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানানো হয়।
তোপখানা রোডে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বৈঠকে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, গণআজাদী লীগের সভাপতি আবদুস সামাদ, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম, সাম্যবাদী দলের পলিটব্যুরোর সদস্য ধীরেন সিংহ, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আজ থেকে বিভিন্ন কর্মসূচি: আওয়ামী লীগ ও বিএনপিকেন্দ্রিক জোট-মহাজোটের বাইরে বিকল্প রাজনৈতিক বলয় গড়ে তোলার আহ্বান জানিয়ে আজ শনিবার থেকে বিভিন্ন কর্মসূচি পালন করবে সিপিবি ও বাসদ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেল চারটায় মিরপুর গোলচত্বর, মোহাম্মদপুর টাউন হল, শনির আখড়া ও শান্তিনগর মোড়ে পদযাত্রা বের করা হবে। কাল রোববার সারা দেশে গণ-অভিযান কর্মসূচি পালন করা হবে। এ জন্য ঢাকা থেকে কেন্দ্রীয় নেতারা চারটি দলে ভাগ হয়ে ঝটিকা সফরে বের হবেন। ৮ নভেম্বর বেলা তিনটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা অনুষ্ঠিত হবে।
নাগরিক ঐক্যের সঙ্গে বৈঠক আজ: আজ নাগরিক ঐক্যের সঙ্গে বৈঠকে বসবে সিপিবি-বাসদ। বেলা ১১টায় তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।