সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল বঙ্গভবনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দুধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন l ছবি: পিআইডি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল বঙ্গভবনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দুধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন l ছবি: পিআইডি

রাষ্ট্রপতি আবদুল হামিদ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের চেতনা সমুন্নত রেখে জাতীয় উন্নয়নের জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে দুর্গাপূজা উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির।
রাষ্ট্রপতি বলেন, ‘দুর্গাপূজাসহ অন্যান্য উৎসব বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য থেকে এসেছে। কাজেই উৎসব কোনো ধর্মীয় বৃত্তের মধ্যে বন্দী নয়। ধর্ম একটি সম্প্রদায়ের কিন্তু উৎসব সবার। এই দেশের মানুষের দীর্ঘদিনের বৈশিষ্ট্য হলো ঐক্য ও ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতি অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ ঐতিহ্যের গৌরবোজ্জ্বল অংশ।’
রাষ্ট্রপতি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের ওই সংবর্ধনা দেন। তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।
রাষ্ট্রপতি বলেন ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং সব ধর্মের লোক শান্তিপূর্ণভাবে ও সাড়ম্বরে তাঁদের নিজ নিজ ধর্মীয় রীতি ও সামাজিক কর্মসূচি পালন করছেন। দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব এবং তাঁরা আবহমানকাল ধরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপন করছেন।’ তিনি বলেন, দুর্গাপূজা ও অন্যান্য উৎসব জনগণের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুর্গাপূজা সব ধর্ম, বর্ণ ও গোত্রের জন্য সৌহার্দ্য ও সম্প্রীতি বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বাংলাদেশে ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন ও নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠসহ হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন পূজা উদ্যাপন কমিটির নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।