গতকাল শনিবার রাজধানীতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বেশির ভাগ বক্তা বলেছেন, দেশে চলমান সাম্প্রদায়িক ও রাজনৈতিক সহিংসতা বন্ধে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। বক্তারা এ ক্ষেত্রে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে মানুষের সচেতনতা বাড়ানোর পক্ষে মত দেন।
বজলুর রহমান ফাউন্ডেশন গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘সাম্প্রদায়িক অসহিষ্ণুতা ও রাজনৈতিক সহিংসতা এবং আমাদের করণীয়’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।
আলোচনায় আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জাতীয় শিক্ষাক্রম, পাঠ্যপুস্তকসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অত্যন্ত সচেতনভাবে সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছে। যে কারণে হেফাজতে ইসলামের মতো স্বঘোষিত চরম জঙ্গি সংগঠনকে প্রতিহত করা যায়নি। যাঁরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান নেবেন না, তাঁরা ইতিহাসের আস্তাকুঁড়ে পড়বেন। যাঁরাই ক্ষমতায় যাবেন, তাঁদের মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। এ ক্ষেত্রে তাঁদের আপসকামিতা সহ্য করা হবে না।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, গত বছরের ডিসেম্বর থেকে হরতালের নামে যে ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু হয়েছে, তা ব্যবসায়ী সমাজ মেনে নিতে পারছে না। ব্যবসায়ীরা হরতাল চান না। বর্তমানে যে রাজনৈতিক সহিংসতা চলছে, তা দেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য। এ বিষয়ে ব্যবসায়ীদের সংগঠন সব দলের সঙ্গে মতবিনিময় করতে পারলেও প্রধান বিরোধী দলের নেতার সঙ্গে কোনোভাবেই দেখা করা যায়নি। আজকের (রোববার) হরতালের উল্লেখ করে তিনি বলেন, এক দিন আগে তারা (বিরোধী দল) আলোচনার কথা বলল, কিন্তু পরদিন হরতাল ডেকে দিল। তিনি বলেন, ‘আমরা ব্যবসায়ীরা চাই ভালোভাবে একটি নির্বাচন হোক, একটা বিশ্বাসযোগ্য নির্বাচন হোক। আমরা চাই সবার শুভবুদ্ধির উদয় হোক।’
আলোচনায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন অর্থনীতিবিদ খন্দকার ইব্রাহিম খালেদ। তিনি বলেন, আইনের শাসনের কোনো বিকল্প নেই, মানুষের সচেতনতা বাড়ানোরও কোনো বিকল্প নেই। সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার জন্য সব ধরনের সহায়তা করতে হবে। বাংলাদেশের সবকিছুই উদার। এখানে ধর্মান্ধতা গেড়ে বসার কোনো কারণ নেই। প্রাচীনকাল থেকে এখানে সব ধর্মের সহাবস্থান ছিল।
আলোচনায় ‘সাম্প্রদায়িকতা, রাজনৈতিক সহিংসতা এবং আমাদের করণীয়’ শীর্ষক ধারণাপত্র উপস্থাপন করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। তিনি বলেন, ২০০১ সালে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সহিংসতায় এ দেশের হাজার হাজার সংখ্যালঘু সদস্য নির্যাতনের শিকার হয়েছেন, বহু নারী ধর্ষণ ও লাঞ্ছনার শিকার হয়েছেন, অথচ সেসব ঘটনার বিচার হয়নি। এই বিচারহীনতা সংখ্যালঘুদের নিরাপত্তাহীন করে তুলেছে, রাষ্ট্রের সঙ্গে তাঁদের দূরত্ব বাড়িয়েছে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) মহাপরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরীন আখতার, সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান প্রমুখ।