মেয়র নির্বাচিত হলে প্রতিদিন নগরের কোনো না-কোনো এলাকায় গিয়ে নগরবাসীর সমস্যা ও দুঃখ-দুর্দশার কথা শোনার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন। সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা ও বৈষম্যের ঊর্ধ্বে উঠে সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রম চালানোরও অঙ্গীকার করেন তিনি।
গতকাল শুক্রবার নগরের ইপিজেড এলাকায় আদিবাসীদের বৈসাবী পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আ জ ম নাছির উদ্দিন এসব কথা বলেন।
গতকাল সকাল ১০টায় বাসা থেকে বের হয়ে ইপিজেডের বৈসাবী পুনর্মিলনী অনুষ্ঠানে যান আ জ ম নাছির। সেখান থেকে তিনি ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের ওয়াজেদিয়া মাদ্রাসায় মাজার জিয়ারত করে গণসংযোগ শুরু করেন।
আদিবাসীদের উৎসবে আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘সাম্প্রদায়িকতা ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমি সিটি করপোরেশন চালাব। সব সম্প্রদায়ের নাগরিকেরা আমার কাছে সমান গুরুত্ব পাবেন। নগরবাসীর মতামত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। সব শ্রেণি ও পেশার মানুষের সেবা নিশ্চিত করা হবে। নগরকে করা হবে দৃষ্টিনন্দন ও সবার বাসযোগ্য। এখন দরকার শুধু আপনাদের সহযোগিতা ও সমর্থন। তা পেলেই আমি চট্টগ্রামকে পরিচ্ছন্ন শহর হিসেবে বিশ্ব দরবারে উপস্থাপন করার সুযোগ পাব।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধীমান চাকমা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এম এ লতিফ।
এদিকে পাঁচলাইশে গণসংযোগের সময় নাছির উদ্দিন বলেন, ‘প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও অল্প সময়ের মধ্যে ১৮ লাখ ১৪ হাজার ভোটারের কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমার হয়ে আপনারা ভোটারদের কাছে যান। তাঁদের কাছে আমার সালাম পৌঁছে দিয়ে হাতি প্রতীকে ভোট প্রার্থনা করুন। আপনারা ঘরে বসে থাকবেন না। নিজেদের একেকজন আ জ ম নাছির মনে করে ভোটারের দুয়ারে যান এবং ভোট প্রার্থনা করেন। আমার বিশ্বাস, তাঁরা আপনাদের বিমুখ করবেন না।’
পাঁচলাইশ এলাকায় গণসংযোগের সময় আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে ছিলেন সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আলাউদ্দিন নাসিম প্রমুখ।