সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। আমরা লড়াই করছি সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি; যারা মানুষ পুড়িয়ে মারছে, রাজনীতিবিদ, শিল্পী-সাহিত্যিক, লেখক-সাংবাদিকদের হত্যা করছে। এই অপশক্তিকে রুখতে হবে।’
গতকাল শনিবার দুপুরে সুনামগঞ্জের জেলা শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এসব কথা বলেন। মন্ত্রী শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আসার পর সুনামগঞ্জের শিল্পীরা তাঁকে মরমি সাধক রাধারমণ দত্ত, হাসন রাজা, বাউলসম্রাট শাহ আবদুল করিম, দুর্বিন শাহের গানে গানে স্বাগত জানান।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান, সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ ও শামসুন্নাহার বেগম শাহান, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বেগম আক্তারী মমতাজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, পুলিশ সুপার মো. হারুন অর রশিদ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত শিল্পকলা একাডেমির ৪০০ আসনবিশিষ্ট মিলনায়তন মরমি কবি হাসন রাজার নামে, প্রশাসনিক ভবন বৈষ্ণব কবি রাধারমণ দত্ত ও মুক্তমঞ্চের নামকরণ করা হয়েছে বাউলসম্রাট শাহ আবদুল করিমের নামে।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর পরে ‘সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর’ এবং জাদুঘর প্রাঙ্গণে পিঠা উৎসবের উদ্বোধন করেন।