স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘বাংলাদেশের মাটিতে কোনো সাম্প্রদায়িক উসকানি বরদাশত করা হবে না। সরকার বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে রাজনৈতিক শক্তি দিয়ে সাম্প্রদায়িক রাজনীতির মোকাবিলা করবে। সাম্প্রদায়িক উসকানিদাতারা তাদের অপরাধের ক্ষমা পাবে না।’গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহের গৌরীপুর থানার নবনির্মিত ভবন উদ্বোধনকালে থানার মাঠে আয়োজিত এক সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি সাম্প্রতিক সময়ে দেশের নৈরাজ্যকর অবস্থার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে বলেন, ধর্মের মোড়কে কিছু ব্যবসায়ী দেশের শান্তি নষ্ট করে অরাজকতা সৃষ্টি করছে। এই অপশক্তি দেশের স্বাধীনতার দুশমন। যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত করতে এরা তৎপর।সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সাংসদ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, মো. মোখলেছুর রহমান, এস এম মাহফুজুল হক ও জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া।