সাম্প্রদায়িক উসকানিদাতাকে আগে গ্রেপ্তার করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সাংবাদিক শাহরিয়ার কবির বলেছেন, রাজগঞ্জে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে অগ্নিসংযোগের জন্য যারা সাম্প্রদায়িক উসকানি দিয়েছে, তাদের আগে গ্রেপ্তার করতে হবে। তিনি গতকাল শনিবার নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হিন্দুদের মন্দির ও বাড়িঘর পরিদর্শন শেষে এসব কথা বলেন। শাহরিয়ার কবির বলেন, হামলার তিন দিন আগে তিনজন মাওলানা রাজগঞ্জে ওয়াজ করে হিন্দুদের প্রতি বিষোদ্গার করেছেন, তাঁরা এই ঘটনার জন্য দায়ী। শাহরিয়ার কবির বলেন, ‘২০০১ সালে হামলা হয়েছে, এখনো আবার হচ্ছে। আমরা শুধু ত্রাণ দেব, এটা হতে পারে না। এসব হামলার গণপ্রতিরোধও দরকার। গ্রামে গ্রামে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নিজেদের আমরা সভ্য মানুষ হিসেবে পরিচয় দিতে পারব না, যদি এটি বন্ধ না হয়।’এ সময় তাঁর সঙ্গে আসা জাতীয় সমন্বয় কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার তুরিন আফরোজ, সম্পাদকমণ্ডলীর সদস্য সৈয়দ মাহবুব রশিদসহ প্রতিনিধিদল বিভিন্নজনের সাক্ষ্য গ্রহণ করেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু বিনয় কিশোর রায়, জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা মিয়া মোহামঞ্চদ শাহজাহান, মিথুন ভট্ট, বেগমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আবুল হোসেন বাঙালি প্রমুখ। ক্ষয়ক্ষতি ও হামলা প্রসঙ্গে শাহরিয়ার কবির বলেন, হিন্দুদের আর্থিক বিবেচনায় যে তালিকা হয়েছে তার চেয়ে অনেক বেশি গুণ ক্ষতি হয়েছে। সঠিক তালিকা করে ক্ষয়ক্ষতি নির্ধারণ করে ক্ষতিপূরণ দিতে হবে। শাড়ি ও লুঙ্গি বিতরণ: বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চৌমুহনী পৌরসভার মেয়র মামুনুর রশিদ গতকাল শনিবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।