সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে নিরপেক্ষ থাকার সুযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, ধর্মের নামে যারা মৌলবাদ-জঙ্গিবাদ ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মৌলবাদী, সাম্প্রদায়িক গোষ্ঠী ও স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে সাংবাদিকদের নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য উপদেষ্টা। প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার এতে সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শুকলাল দাশ।
ইকবাল সোবহান বলেন, জঙ্গিরা দেশে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পাঁয়তারা করছে। গণতন্ত্রের অগ্রযাত্রার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাইছে।
সাংবাদিকেরাও বিভিন্ন দল ও গোষ্ঠীর লেজুড়বৃত্তি করাসহ নানা কারণে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে পারেনি বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, যখন তাঁরা (সাংবাদিকেরা) একটি দলের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে পড়েন, লেজুড়বৃত্তি করেন, তখন সাংবাদিক সমাজের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নবম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হয়েছে। এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মালিকদের কাছ থেকে তাঁদের প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে। খুব দ্রুতই ওয়েজ বোর্ড হবে।
মতবনিমিয় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সহসভাপতি নিরুপম দাশগুপ্ত, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, সাংস্কৃতিক সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, কার্যকরী সদস্য হেলাল উদ্দিন চৌধুরী, বিএফইউজের সদস্য আসিফ সিরাজ, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী প্রমুখ।