সাম্প্রদায়িক ঘটনার তথ্য সংগ্রহে ঢাকেশ্বরী মন্দিরে সমন্বয় কেন্দ্র
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সমন্বয় কেন্দ্র গঠন করা হয়েছে। একইভাবে প্রত্যেক জেলায় এ ধরনের কেন্দ্র গঠনের পরামর্শ দেওয়া হয়েছে।বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের জরুরি সভায় গতকাল শুক্রবার এই কেন্দ্র গঠনের সিদ্ধান্ত হয়। সভা থেকে আজ শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।সভায় দেশজুড়ে সাম্প্রদায়িক শক্তির হামলা, তাণ্ডব, লুটপাট ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা থেকে সম্মিলিতভাবে এই অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানানো হয়।পরিষদের নেতারা বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের মতো জাতীয় বিষয়কে সাম্প্রদায়িক রূপ দিয়ে ’৭১, ’৯০, ’৯২ ও ২০০১ সালের মতো ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা শুরু হয়েছে। এ বিষয়ে মনিটরিং সেলের সঙ্গে যোগাযোগ (নম্বর: ৯৬১১৩৫৩, ৮৬১৬২৪৮, ০১৭১১৩০৮১৪৮) করতে সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেওয়া হয়।পরিষদের সভাপতি কানুতোষ মজুমদার সভায় সভাপতিত্ব করেন। এদিকে পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এবং ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি গতকাল বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ও সংলগ্ন গ্রামে সাম্প্রদায়িক হামলার শিকার সংখ্যালঘুদের বাড়িঘর ও দুটি মন্দির পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি।