লালমনিরহাটে ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’র জেলা কমিটির উদ্যোগে সাম্প্রদায়িকতাবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সব ধরনের সাম্প্রদায়িক নির্যাতন বন্ধে রাষ্ট্র ও সরকারকে সচেতন সমাজের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
গতকাল শনিবার বিকেলে লালমনিরহাট জেলা পরিষদ (পুরাতন) মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বাংলাদেশ রুখে দাঁড়াও এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল।
অনুষ্ঠানে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, যুদ্ধাপরাধীদের দল জামায়াতে ইসলামী এবং তাদের নীতি-আদর্শের সঙ্গে মিল আছে এমন সব রাজনৈতিক দলকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম একটি গ্রহণযোগ্য সময়ের মধ্যে শেষ করে বিচারের রায় কার্যকর করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাষাসৈনিক কমরেড শামসুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ রুখে দাঁড়াওর সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউদ্দিন তারেক আলী ও সাংসদ সফুরা বেগম।
এর আগে সকালে সুলতানা কামাল সদর উপজেলার ধাইর খাতা গ্রামের নির্যাতনের শিকার সংখ্যালঘু সম্প্রদায়ের গৃহবধূর সঙ্গে দেখা করে তাঁর খোঁজ নেন। একই দিন সকালে এম এম আকাশ ও জিয়াউদ্দিন তারেক আলীর নেতৃত্বে আরেকটি দল পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত শফিরহাট গ্রামে প্যারাপুকুর শ্মশান কালীমন্দির চত্বরে সুধী সমাবেশ করে।