১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদযাত্রা কর্মসূচি
সাম্প্রদায়িক প্রার্থীকে ভোট দেবে না সংখ্যালঘু গোষ্ঠী
আগামী সংসদ নির্বাচনে সাম্প্রদায়িক কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলে সংখ্যালঘু জনগোষ্ঠী ভোট দেবে না। তাই এ ধরনের কোনো ব্যক্তিকে মনোনয়ন না দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ ১৭টি সংখ্যালঘু সংগঠন।
দাবি আদায়ে সংগঠনগুলো আগামী ১৪ সেপ্টেম্বর বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করবে। এর আগে ওই দিন বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাব চত্বরে জমায়েত করা হবে। সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং জাতির সামনে নিজেদের দাবিদাওয়া তুলে ধরার লক্ষ্যে এসব কর্মসূচি পালন হবে।
গতকাল শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি ও কর্মসূচির কথা জানানো হয়। বলা হয়, অতীতে বা বর্তমানে জনপ্রতিনিধি হয়ে রাজনৈতিক নেতৃত্বে থেকে সংখ্যালঘু স্বার্থবিরোধী কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছেন কেউ কেউ।
সংবাদ সম্মেলনে অন্য দাবিগুলো উপস্থাপন করে বলা হয়, যে দল বা জোট নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুদের স্বার্থযুক্ত সাত দফার পক্ষে অঙ্গীকার ঘোষণা করবে, ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সংগঠন তাদের সমর্থন করবে। নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেখতে হবে আদিবাসীদের প্রতিনিধিত্বও। নির্বাচনের আগেই সরকারকে সংখ্যালঘু মন্ত্রণালয়, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে। এ দেশের ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী নির্বাচনের কথা শুনলেই ভয় পায়। কারণ, নির্বাচন তাদের কাছে নির্যাতনের ভয়াবহ রূপ হিসেবে দেখা দেয়।
বলা হয়, সম্প্রতি রাঙামাটির লংগদুর পাহাড়ি জনপদে সাম্প্রদায়িক হামলা হয়েছে। নড়াইলের সিংশোলপুরে ঘরামী নীলকালী রায় হত্যাকাণ্ড ঘটে। মূর্তি অপসারণে ধর্মান্ধ শক্তির হুমকির মুখে জয়পুরহাট, চট্টগ্রামসহ সারা দেশে অনেক উপাসনালয়ে হামলা হয়েছে। বিগ্রহ ভাঙচুর এবং জায়গা জবরদখলের ঘটনা অব্যাহতভাবে বাড়ছে।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত লিখিত বক্তব্য উপস্থাপন করেন। উপস্থিত ছিলেন সংখ্যালঘুদের বিভিন্ন সংগঠনের নেতারা।