সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশকে মহাবিপর্যয় থেকে বাঁচাতে দ্রুততম সময়ের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার পাশাপাশি মৌলবাদী ও সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের নেতারা।গতকাল মঙ্গলবার বিকেলে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে শহীদজননী জাহানারা ইমাম স্মারক বক্তৃতা ও আলোচনায় নাগরিক সমাজের নেতারা এ দাবি জানান। জাহানারা ইমামের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘এই সরকারের মেয়াদে প্রাথমিক পর্যায়ে অন্তত কয়েকজনের বিচার সম্পন্ন হবে বলে আমাদের প্রত্যাশা। তবে যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া বিলম্বিত করতে চাইছে একটি মহল।’ তিনি বলেন, ‘গবেষণায় উঠে এসেছে, মৌলবাদীদের আর্থিক ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। আর সেই অর্থ মৌলবাদী ও সাম্প্রদায়িক রাজনীতি ছড়ানোর কাজে ব্যয় হচ্ছে। বিষয়টি আমাদের ভাবিয়ে তোলে। মৌলবাদী ও সাম্প্রদায়িক চক্রকে নির্মূলের মধ্য দিয়েই জাহানারা ইমামের স্বপ্ন পূরণ হবে।’সেক্টর কমান্ডারস ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বলেন, মৌলবাদী রাজনীতি নিষিদ্ধ করার প্রাথমিক ধাপ হিসেবে তাদের অর্থের উৎস ব্যাংকগুলোকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রূপান্তরিত করা উচিত। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবি রেখে গেছেন জাহানারা ইমাম। কিন্তু এই বিচারকাজে নানাভাবে বাধা আসছে। স্মারক বক্তৃতার বিষয় ছিল ‘বাংলাদেশে মৌলবাদের রাজনৈতিক-অর্থনীতি’। স্মারক বক্তৃতায় বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি, অর্থনীতিবিদ আবুল বারকাত বলেন, বাংলাদেশে ধর্মভিত্তিক সাম্প্রদায়িকতা উগ্র রূপ ধারণ করেছে। এরা অর্থনৈতিক ক্ষমতাভিত্তিক রাজনৈতিক প্রক্রিয়াকে রাজনৈতিক কৌশল হিসেবে নিয়ে জঙ্গি কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করতে চায়। আবুল বারকাত বলেন, ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশে মৌলবাদী অর্থনীতির বার্ষিক নিট মুনাফা দাঁড়িয়েছে প্রায় দুই হাজার কোটি টাকা। এ টাকা আসছে ব্যাংক, বিমা, বেসরকারি সংস্থা, ওষুধ শিল্প, ডায়াগনস্টিক সেন্টার, শিক্ষাপ্রতিষ্ঠান, রিয়েল এস্টেট ব্যবসা, সংবাদমাধ্যম আর পরিবহন ব্যবসা থেকে। এ অর্থ ব্যয় হচ্ছে মৌলবাদী ও সাম্প্রদায়িক রাজনীতি সম্প্রসারণে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির অসচ্ছতা ও অনৈক্য ওদের ভিত আরও শক্তিশালী করছে। জঙ্গিদের অর্থ ও অস্ত্রের উৎসমুখ বন্ধ করা, ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ ঘোষণার আন্দোলন-সংগ্রাম জোরদার করাসহ স্বল্প ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে হবে।সাংবাদিক-কলামিস্ট কামাল লোহানী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের পথে সব বাধা মোকাবিলার মধ্য দিয়েই জাহানারা ইমামের রেখে যাওয়া আন্দোলন এগিয়ে নিতে হবে। তাঁর ডাকেই দেশবাসী জেগে উঠেছিল। দেশবাসী আবারও জেগে উঠবে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার দাবি নিয়ে।শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, ২০১৩ সালের নির্বাচনের আগেই মৌলবাদীদের উৎখাত ও সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। জামায়াত-শিবির চক্র নির্মূলে সরকারকে আরও কঠোর হতে হবে। ওদের তৎপরতা বন্ধ না হলে সঠিকভাবে দেশ চালাতে নানা বাধা আসবে।সূচনা বক্তব্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির সূচনা বক্তব্যে বলেন, ধর্মনিরপেক্ষ মানবিক সমাজ প্রতিষ্ঠা জাহানারা ইমামের স্বপ্ন ছিল। যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি খান জাহাঙ্গীরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে এবার ব্যক্তি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ও সংগঠন হিসেবে গণতান্ত্রিক আইনজীবী সমিতিকে ‘জাহানারা ইমাম স্মৃতিপদক’ দেওয়া হয়। সংগঠনটির পক্ষে পদক গ্রহণ করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এ কুদ্দুস। যুদ্ধাপরাধীদের বিচার ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এই পুরস্কার দেওয়া হয়।শহীদজননীর আন্দোলনকে বেগবান এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ১৯৯৫ সাল থেকে এ পদক ও স্মারক বক্তৃতার আয়োজন করা হচ্ছে।