যুদ্ধাপরাধ, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে গতকাল শনিবার চট্টগ্রামে ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা বলেন, যুদ্ধাপরাধে লিপ্ত জামায়াত তাদের জোটসঙ্গীদের সঙ্গে নিয়ে দেশব্যাপী নাশকতা চালাচ্ছে। সম্প্রীতি নষ্ট করছে। এ সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধ করতে হবে।
গতকাল সকালে শহীদ মিনার থেকে এ পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহীদজায়া বেগম মুশতারী শফি বলেন, ‘স্বাধীনতার ৪২ বছর পরে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের মাধ্যমে শাস্তি কার্যকর হয়েছে। এটি জাতির বহুদিনের কলঙ্ক ও দায়মোচনের ঐতিহাসিক ঘটনা।’
জামায়াত-শিবিরের নৈরাজ্য তুলে ধরে তিনি আরও বলেন, ‘আজ আমাদের সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশে শান্তি ফিরিয়ে আনতে হবে। এটা দেশের সকল মানুষের নাগরিক দায়িত্ব।’
কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘দেশ আজ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধাপরাধ, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও সকল অমানবিক অপরাধের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।’ সংস্কৃতিকর্মী রাশেদ হাসানের উপস্থাপনায় কমরেড শাহ আলম, উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি চন্দন দাশ, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে গণসংগীত ও আবৃত্তি পরিবেশন করেন উদীচী ও প্রমার শিল্পীরা।