সাম্প্রদায়িক শক্তিকে মোকাবিলা করা হবে: চসিক মেয়র
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বলেন, ‘জনগণ যার যার ধর্ম পালন করবে। অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অধিকার কারও নেই। এই দেশের সাম্প্রদায়িক শক্তিকে যারা পৃষ্ঠপোষকতা করবে তাদের শক্ত হাতে মোকাবিলা করা হবে। এ দেশ জাতির জনক বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ।’
আজ শুক্রবার বিকেলে নগরের নন্দনকানন ডিসি হিল প্রাঙ্গণে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) চট্টগ্রাম আয়োজিত কেন্দ্রীয় রথযাত্রার রজতজয়ন্তীতে ধর্মীয় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।
নন্দনকানন ইসকন মন্দিরের অধ্যক্ষ পন্ডিত গদাধর দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে ও সুমন চৌধুরীর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের মায়াপুর থেকে আগত ইসকনের সন্যাসী শ্রীমৎ অমিয় বিলাস স্বামী মহারাজ ও শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ, ইসকন বাংলাদেশের সহসভাপতি শ্রীমৎ গদাধর গোস্বামী। বক্তব্য রাখেন বাংলাদেশ জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুকুমার চৌধুরী, চট্টগ্রাম ইসকনের বিভাগীয় সম্পাদক চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রমুখ।
নন্দনকাননস্থ শ্রীশ্রী রাধামাধব মন্দিরের সামনে থেকে রথযাত্রা শুরু হয়। রথযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নন্দনকানন গৌর নিতাই আশ্রমে এসে শেষ হয়।
এদিকে আজ বিকেলে নগরের তুলসীধামে কেন্দ্রীয় রথযাত্রা অনুষ্ঠিত হয়। এখানে রথযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জন। তিনি বলেন, ‘রথযাত্রায় মানুষের মিলনমেলা দেখে আমি অভিভূত। ভারতের সঙ্গে বাংলাদেশের জনগণের আত্মার সম্পর্ক। ভূতাত্ত্বিক সীমানা আত্মার সম্পর্ক ছিন্ন করতে পারে না। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কখনো ছিন্ন হবে না। সব ধর্ম-বর্ণের মানুষকে সম্প্রীতি বজায় রাখতে হবে।’
তুলসীধামে কেন্দ্রীয় রথযাত্রা উৎসব উদ্যাপন কমিটির সভাপতি রঞ্জন প্রসাদ দাশগুপ্তের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শ্যামদাশ ধর। প্রধান অতিথি ছিলেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলসীধামের মোহন্ত শ্রীমৎ দেবদীপ পুরী মহারাজ ও কৈবল্যধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক বিনয় পাল। অনুপম দেবনাথের সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন কাউন্সিলর জহরলাল হাজারী, শৈবাল দাশ, পুলক খাস্তগীর ও রুমকি সেনগুপ্ত। এর পর ঢোল, বাদ্য, মঙ্গল শঙ্খ ও উলুধ্বনির মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রা।