সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
সাম্প্রদায়িক শক্তির অপতৎপরতা রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার তীব্র প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ। দুই পরিষদের নেতারা জঙ্গিবাদী সাম্প্রদায়িক শক্তির অপতৎপরতা রোধে দল-মতনির্বিশেষে মুক্তিযুদ্ধের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এই আহ্বান জানানো হয়। মানববন্ধন শেষে দুই সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল।গতকালের মানববন্ধন কর্মসূচি থেকে সংখ্যালঘুদের ওপর হামলা-ভাঙচুরের ঘটনার বিবরণ তুলে ধরা হয়। সমাবেশে বক্তারা বলেন, জনগণকে বিভ্রান্ত করতে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের মতো জাতীয় বিষয়কে সাম্প্রদায়িক রূপ দিয়ে ১৯৭১, ’৯০, ’৯২ ও ২০১১ সালের মতো ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ব্যাপক হামলা শুরু হয়েছে। নতুন প্রজন্মসহ মুক্তিযুদ্ধের পক্ষের সবাই যখন সারা দেশে সাম্পদায়িক শক্তি ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলছে, সেই মুহূর্তে জনগণকে বিভ্রান্ত ও তাদের মধ্যে বিভেদ-অনৈক্য সৃষ্টি করতে এই হামলা চালানো হচ্ছে। মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য দেন ঐক্য পরিষদের অন্যতম সভাপতি শিরিল সিকদার, পরেশ চন্দ্র মণ্ডল, দুর্গাদাস ভট্টাচার্য, সুব্রত চৌধুরী, নিমচন্দ্র ভৌমিক, কানুতোষ মজুমদার, মনীন্দ্র কুমার নাথ, কাজল দেবনাথ, বাসুদেব ধর, জয়ন্ত সেন, তাপস কুমার পাল, নির্মল চ্যাটার্জি, পার্থ চক্রবর্তী, সাবিত্রী সেন, মঞ্জু ধর প্রমুখ। সাম্প্রদায়িক হামলার বিবরণ: মানববন্ধন কর্মসূচিতে বলা হয়, দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায়ের পর ১ মার্চ রাত আটটা পর্যন্ত চট্টগ্রামের বাঁশখালীতে ১২টি হিন্দু বাড়ি ও তিনটি মন্দিরে হামলা ও ভাঙচুর করা হয়। হত্যা করা হয় একটি মন্দিরের পুরোহিতকে। সাতকানিয়ায় আটটি বাড়ি ও একটি বৌদ্ধ মন্দির ভাঙচুর এবং চট্টগ্রাম শহরের চট্টেশ্বরী সড়কে কয়েকটি দোকানে হামলা হয়েছে। এ ছাড়া কক্সবাজারের কুতুবদিয়া ও মহেশখালীতে মন্দিরে আগুন দেওয়া হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ গ্রামে ৪৫টি ঘরে আগুন দেওয়া ছাড়াও নয়টি বাড়ি ও পাঁচটি মন্দিরে হামলা ও লুটপাট করা হয়। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে হিন্দুদের পাঁচটি সোনার দোকান লুট, একটি মন্দিরে হামলা ও লুটপাট হয়েছে। রায়পুরের গাইয়ারচরে একটি মন্দির ও দুটি আশ্রমে আগুন লাগানো হয়েছে।এ ছাড়া গাইবান্ধার সুন্দরগঞ্জে বেলকা গ্রামে ৩৫টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে ব্রাহ্মণডাঙ্গা গ্রামে ছয়টি বাড়ি ও দোকান। সিলেটের কানাইঘাটের গাছবাড়ি বাজারে হিন্দুদের দোকান লুট হয়েছে। এ ছাড়া মৌলভীবাজারের বড়লেখার জুড়িবাজারে, ঠাকুরগাঁওয়ের গড়েয়া গ্রামে, চাঁপাইনবাবগঞ্জের কানসাটে, সাতক্ষীরার শ্যামবাজারে, বাগেরহাটের মোরেলগঞ্জে, কুমিল্লা শহরের ব্রাহ্মণপাড়ায়, রংপুরের মিঠাপুকুরে, কুমিল্লার কসবায় সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়।সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গতকাল ঢাকায় কালো পতাকা মিছিল করেছে।