চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের সমাবেশে বক্তারা বলেছেন, সরকার পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দিচ্ছে। প্রগতিশীল অসাম্প্রদায়িক লেখকদের লেখা বাদ দেওয়া হচ্ছে। কিন্তু স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কখনো আপস হতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে গণজাগরণ মঞ্চ কাজ করে যাবে।
গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম নগরের চেরাগি পাহাড় চত্বরে গণজাগরণ মঞ্চের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ থেকে সব যুদ্ধাপরাধীর ফাঁসি এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, বাঙালি জাতি কখনো পরাজয় মানেনি। কখনো মানবেও না। স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তিকে পরাস্ত করে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় নিশ্চিত করা হবে।
সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা নুরুল আবছার, তপন দস্তিদার, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্যসচিব চন্দন দাশ, খেলাঘর চট্টগ্রামের সহসভাপতি আশীষ সেন, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান, সংস্কৃতি সংগঠক হাবিব বিপ্লব, চট্টগ্রাম প্রেসক্লাবের প্রচার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রামের সভাপতি আল কাদেরী, লায়লা নূর প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান।
সমাবেশে আবৃত্তি পরিবেশন করেন জয়তী ঘোষ ও রাবেয়া সুলতানা। এ ছাড়া গণসংগীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠী, রাগশ্রী ও অভ্যুদয়ের শিল্পীরা।