
দেশের যেসব স্থানে সাম্প্রদায়িক হামলা হয়েছে এবং যেসব স্থানে হামলা হওয়ার আশঙ্কা আছে, সেসব স্থানে সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ।
গতকাল শনিবার বেলা সাড়ে তিনটায় যশোর শহরের চিত্রা মোড়ে আয়োজিত এক গণসমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ আহ্বান জানান। গত শুক্রবার রাজধানীর শাহবাগ থেকে গণজাগরণ মঞ্চ ‘শাহবাগ থেকে মালোপাড়া’ শীর্ষক যে রোডমার্চের আয়োজন করেছিল, গতকাল এই গণসমাবেশের মধ্য দিয়ে তা শেষ হয়।
এর আগে গতকাল বেলা ১১টার দিকে অভয়নগর উপজেলার চাঁপাতলা গ্রামের মালোপাড়ায় পৌঁছায় গণজাগরণ মঞ্চ। মালোপাড়ার মাঝ বরাবর অবস্থিত একটি মন্দিরের সামনে এক সমাবেশে ইমরান এইচ সরকার বলেন, ‘দেশব্যাপী এই রোডমার্চ আজ মালোপাড়া থেকে শুরু হলো। যেখানে যেখানে সাম্প্রদায়িক সন্ত্রাস হয়েছে, সেখানে সেখানে রোডমার্চ যাবে। যেসব জায়গায় সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে, সেসব জায়গায় তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হবে। আমরা যে তিন দফা ঘোষণা করেছি, তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।’
গণজাগরণ মঞ্চের মুখপাত্র আরও বলেন, ‘সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, জামায়াত-শিবির নিষিদ্ধ করবে। কিন্তু তারা টালবাহানা করছে। দেশের মানুষ এই টালবাহানা মেনে নেবে না।’
মালোপাড়ায় একটি স্কুল স্থাপনের জন্য নগদ দুই লাখ টাকা দেয় গণজাগরণ মঞ্চ। এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নগদ টাকা, শাড়ি, লুঙ্গি ও কম্বল বিতরণ করা হয়।
বেলা পৌনে একটার দিকে মালোপাড়া থেকে যশোর শহরের দিকে রওনা হয় গণজাগরণ মঞ্চ। বেলা সাড়ে তিনটার দিকে শহরের চিত্রা মোড়ে গণসমাবেশে সভাপতিত্ব করেন গণজাগরণ মঞ্চ যশোরের আহ্বায়ক কাজী আবদুস শহিদ। গণসমাবেশে ইমরান এইচ সরকার সরকারের উদ্দেশে বলেন, ‘এ দেশে জামায়াতের ২ থেকে ৩ শতাংশ ভোট রয়েছে। অর্থাৎ ৯৭ শতাংশ মানুষ জামায়াতকে ঘৃণা করে। আপনারা সাহস করে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করুন, দেখবেন, দেশের ৯৭ শতাংশ মানুষ আপনাদের সঙ্গে থাকবে।’
সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনের ব্যাপারে তাগিদ দিয়ে ইমরান সরকার বলেন, দেশের যেসব জায়গায় সাম্প্রদায়িক হামলা হয়েছে এবং যেখানে হামলা হওয়ার আশঙ্কা রয়েছে, সেখানে সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। তরুণদের এ উদ্যোগ নেওয়ার জন্য তিনি আহ্বান জানান।
যশোরের তরুণদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে ইমরান বলেন, ‘সাম্প্রদায়িক হামলা মোকাবিলায় আপনারা রাজপথে থাকবেন কি না?’ সবাই হাত তুলে তাঁর এই আহ্বানে সাড়া দেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গণজাগরণ মঞ্চের সংগঠক মাহমুদুল হক মুন্সী, মুক্তিযোদ্ধা এ এইচ এম মুযহারুল ইসলাম, সুকুমার দাস, মাহমুদ হাসান, বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি বাপ্পাদিত্য বসু, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তারেক, ছাত্রলীগের (জাসদ) সভাপতি শামসুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সহসভাপতি রাহাত আহমেদ প্রমুখ। স্লোগান দিয়ে সমাবেশস্থল উত্তাল করে তোলেন লাকী আক্তার ও যশোরের শাওন।
গণসমাবেশকে ঘিরে শহরের চিত্রা মোড়ে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে।