সাম্প্রদায়িক সন্ত্রাস রোধে জামায়াত নিষিদ্ধের দাবি
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীসহ রাষ্ট্রীয় প্রশাসনে ঘাপটি মেরে আছে মৌলবাদী গোষ্ঠী ও তাদের পৃষ্ঠপোষকদের অনুচরেরা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচিতে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য এ কথা বলেন।
সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলা ও মৌলবাদীদের সহিংসতার প্রতিবাদে ‘সাম্প্রদায়িকতাবিরোধী সাংবাদিক মঞ্চ’ এ কর্মসূচির আয়োজন করে। বক্তারা সাম্প্রদায়িক সন্ত্রাস ও সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধে অবিলম্বে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি জানান।
পঙ্কজ ভট্টাচার্য বলেন, ২০০১ সালের নির্বাচনের পর সংখ্যালঘু সম্প্রদায়সহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর যারা নির্যাতন চালিয়েছিল তাদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হলে ২০১৪ সালে সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনা ঘটত না।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, হিন্দু জনগোষ্ঠীর ওপর নিপীড়নের অন্যতম কারণ হচ্ছে তাঁদের দেশ থেকে বিতাড়িত করে স্থাবর-অস্থাবর সম্পদ ভোগ দখল করা। এ অবৈধ ভোগদখলকারীদের তালিকায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের নেতা-কর্মীরা রয়েছেন। বিজ্ঞপ্তি।