সাম্প্রদায়িক সন্ত্রাসীদের রেহাই নেই: মেনন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সংখ্যালঘুদের ওপর হামলা ও তাঁদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগকারীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের মুখোশ উন্মোচিত হয়েছে। তাদের সম্পর্কে সবাইকে সজাগ থাকাতে হবে। প্রশাসনে যারা জনগণের জান-মাল রক্ষায় নিয়োজিত থেকে দায়িত্বে অবহেলা করেছেন, তাঁরাও বিচার থেকে রেহাই পাবেন না।
আজ শুক্রবার যশোরের মালোপাড়া পরিদর্শনকালে সহিংসতার শিকার সংখ্যালঘু পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় মেনন এসব কথা বলেন।
সংখ্যালঘুদের ওপর হামলা ও তাদের বাড়িঘর ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনাকে বর্বরোচিত উল্লেখ করে মেনন বলেন, বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার স্থান নেই। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোর হাতে দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর।
এ সময় সাংসদ ফজলে হোসেন বাদশা, ইয়াসিন আলী, মোস্তফা লুত্ফুল্লাহ, টিপু সুলতান, শেখ হাফিজুর রহমান এবং ওয়ার্কার্স পার্টির নেতা আনিসুর রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।