সাম্প্রদায়িক সম্প্রীতি আরও জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আরও জোরদারে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল রোববার খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উদ্যাপন উপলক্ষে বঙ্গভবনে খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় এ আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রাচীনকাল থেকেই এ দেশের জনগণ ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। এই ঐতিহ্য আরও জোরদারে সবাইকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি সুখী, সমৃদ্ধ এবং ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ার লক্ষ্যে একযোগে কাজ করতেও সবার প্রতি আহ্বান জানান।
আবদুল হামিদ বলেন, আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও কার্ডিনাল হওয়ায় এ বছর আরও উৎসবমুখর পরিবেশে বড়দিন উদ্যাপিত হচ্ছে। কার্ডিনাল হিসেবে নিযুক্ত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এই অর্জন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিদ্যমান ধারাকে বিশ্বে আরও উজ্জ্বল করবে।
ধর্মমন্ত্রী মতিউর রহমান, বিদেশি বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত ও প্রতিনিধি, খ্রিষ্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি, ধর্মীয় নেতা ও পেশাজীবীরা এ সময় উপস্থিত ছিলেন।