সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি আবদুল হামিদ গৌরবোজ্জ্বল সাম্প্রদায়িক সম্প্রীতির ধারা এবং সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে গতকাল সোমবার বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।
রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে জাতীয় উন্নয়নে অবদান রাখবেন। তিনি বলেন, ধর্মীয় উৎসব দেশের মানুষের মাঝে পারস্পরিক ভালোবাসা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।
আবদুল হামিদ বলেন, আবহমানকাল ধরে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালন করে আসছে। শারদীয় দুর্গোৎসব সবার মধ্যে সম্প্রীতি সৌহার্দ্যের বন্ধন আরও সুসংহত করবে, এটাই সবার প্রত্যাশা।
হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ব্যক্তিত্ব ও বিভিন্ন পূজা উদ্যাপন কমিটির নেতারা সংবর্ধনায় যোগ দেন। বাংলাদেশে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার ও নেপালের রাষ্ট্রদূতও এ অনুষ্ঠানে যোগ দেন।
এ ছাড়া বিশিষ্ট ব্যক্তি, বিচারপতি, সম্পাদক, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, ব্যবসায়ী, শিল্পী, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা সংবর্ধনায় যোগ দেন। রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।