সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে রাষ্ট্রপতির আহ্বান
রাষ্ট্রপতি আবদুল হামিদ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার মধ্য দিয়ে জাতীয় উন্নয়নে যথাযথ ভূমিকা রাখতে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সব ধর্ম ও মতের লোকদের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর বাসসের৷
রাষ্ট্রপতি বৌদ্ধ সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান বুদ্ধপূর্ণিমা উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে বৌদ্ধ সম্প্রদায়ের লোকদের জন্য আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন।
রাষ্ট্রপতি বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে বলেন, দেশের সব ধর্মের লোক স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন। এটি আমাদের সম্প্রীতির ঐতিহ্য।
রাষ্ট্রপতি বলেন, গৌতম বুদ্ধ একটি শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর সমগ্র জীবনে মমতা ও মৈত্রীর মতবাদ প্রচার করেছেন। তাঁর আদর্শ বর্তমান অস্থিতিশীল বিশ্বে সমাজে নৈতিক মূল্যবোধের অবক্ষয় রোধে ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রাষ্ট্রপতি এবং তাঁর স্ত্রী অতিথিদের অভ্যর্থনা জানান এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন।