সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে: রাষ্ট্রপতি
বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তাঁর স্ত্রী রাশিদা খানম গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে এক সংবর্ধনার আয়োজন করেন। খবর বাসসের।রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী আমন্ত্রিত অতিথিদের বঙ্গভবনে স্বাগত জানান। তাঁরা অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বৌদ্ধধর্মাবলম্বী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া এবং থাইল্যান্ড, ভিয়েতনাম, ভুটান ও মিয়ানমারের রাষ্ট্রদূত, শ্রীলঙ্কার হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বৌদ্ধধর্মীয় নেতা, বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিরা সংবর্ধনায় অংশ নেন।রাষ্ট্রপতি বলেন, ‘বিভিন্ন সময় ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল একটি চক্র মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের এ হীন কর্মকাণ্ড সাধারণ মানুষ কখনোই সহজভাবে গ্রহণ করেনি। তাদের সম্পর্কে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।’