সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশ গঠনে কাজ করুন: খালেদা
বিএনপির চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশ গঠনের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। দুর্গাপূজা উপলক্ষে গতকাল সোমবার রাতে তাঁর গুলশানের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে খালেদা জিয়া এ আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির।খালেদা জিয়া বলেন, তাঁর দল সব সময় ধর্মীয় উৎসব পালনের জন্য পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। ভবিষ্যতেও এই পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে। বিএনপির চেয়ারপারসন বলেন, তাঁর সরকারের সময়ই রাজধানীর রমনা কালীমন্দির পুনরায় খুলে দেওয়া হয়েছিল।বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ করে খালেদা জিয়া বলেন, এই সম্প্রীতি অটুট রেখে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের উন্নয়নের জন্য সবার একসঙ্গে কাজ করতে হবে।দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গ তুলে খালেদা জিয়া বলেন, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় মানুষ কষ্ট পাচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে হিন্দুসম্প্রদায়ের বহু মানুষ দুর্গাপূজা আশানুরূপভাবে উদ্যাপন করতে পারেনি।খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে আসা ব্যক্তিদের মধ্যে ছিলেন মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, গয়েশ্বর চন্দ্র রায়, গৌতম চক্রবর্তী, নিতাই রায় চৌধুরী, ত্রিচন্দ দুলাল ব্রহ্মচারী, নকুল সাহা, বিজন কান্তি সরকার ও তপন কান্তি সরকার। এ সময় বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঢাকার মেয়র সাদেক হোসেন উপস্থিত ছিলেন।