সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
কতিপয় স্বার্থান্বেষী মহল তাদের অপরাজনীতির উদ্দেশ্য চরিতার্থ করার হীন মানসে উগ্র সাম্প্রদায়িক কার্যক্রমের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ষড়যন্ত্রের চেষ্টা করছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে। তারা এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাম্প্রদায়িক ও অশুভ শক্তির বিরুদ্ধে সারা দেশের আইনজীবীদের রুখে দাঁড়াতে অনুরোধ জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক উৎসবে অংশগ্রহণ বাঙালির চিরায়ত ঐতিহ্য। স্বাধীনতার চেতনায় গড়ে ওঠা অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো সাম্প্রদায়িক ষড়যন্ত্র প্রতিরোধে দেশের আইনজীবীরা রুখে দাঁড়াবেন বলে সমিতি বিশ্বাস করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের কার্যকলাপে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।