সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় চেয়ারম্যান প্রার্থীদের অঙ্গীকার
খাগড়াছড়ি সদর উপজেলার তিন চেয়ারম্যান পদপ্রার্থী এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, দুর্নীতি বন্ধ ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেছেন।
গতকাল শুক্রবার বিকেল চারটায় খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে প্রার্থীরা এসব অঙ্গীকার করেন।
সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)। অনুষ্ঠানে চার চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে তিন প্রার্থী উপস্থিত ছিলেন।
সনাকের খাগড়াছড়ির সভাপতি অনন্ত বিহারী খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিন চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রেজাউল করিম হেলাল, চঞ্চুমনি চাকমা ও শানে আলম উপস্থিত হয়ে বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুজনের খাগড়াছড়ির সভাপতি সুধীন কুমার চাকমা।উপস্থিত তিন প্রার্থী এলাকায় শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করার অঙ্গীকার করেন। উন্নয়নে সব সংস্থার সঙ্গে সমন্বয়, শান্তি ও সম্প্রীতি ছাড়া উন্নয়ন সম্ভব নয় বলে তাঁরা উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত সাধারণ জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চেয়ারম্যান পদপ্রার্থীরা। সনাকের সভাপতি অনুষ্ঠানে আগত কয়েক শ ভোটারকে কোনো ধরনের অর্থের লোভ, প্ররোচনা ছাড়াই মুক্তভাবে ভোট দেওয়া এবং দুর্নীতিবাজ, সম্প্রীতি বিনষ্টকারী, যুদ্ধাপরাধী ও আদালত দ্বারা শাস্তিপ্রাপ্তদের ভোট না দেওয়ার অঙ্গীকারের শপথ পাঠ করান।