সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার সুনামগঞ্জ শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ‘বাংলাদেশ মাইনরিটি ওয়াচ’ নামের একটি সংগঠনের উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানববন্ধন হয়। এতে সর্বস্তরের মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হুদা, জেলা জাসদের সভাপতি আ ত ম সালেহ, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, আইনজীবী স্বপন কুমার দেব, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শামসুল আবেদীন, নীহারেন্দু দেব। মানববন্ধনে সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ‘সুনামগঞ্জ শান্তি ও সম্প্রীতির জেলা। এখানে সাম্প্রদায়িক উসকানি ও নৈরাজ্য সহ্য করা হবে না। যেকোনো মূল্যে শহরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্য ধরে রাখা হবে।’