বাংলাদেশ রুখে দাঁড়াও নির্বাহী পরিষদের সদস্যরা চুয়াডাঙ্গায় মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা বলেন, গত কয়েক মাস ধরে জামায়াত-শিবির-হেফাজত চক্র সারা দেশে মন্দিরের প্রতিমা-বিগ্রহ ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। চুয়াডাঙ্গার ঘটনা সেই অপতৎপরতারই অংশ বলে তাঁরা মনে করেন।
ওই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গতকাল শুক্রবার এক বিবৃতিতে আরও বলা হয়, গত বৃহস্পতিবার জামায়াত-শিবির গোষ্ঠী সংঘবদ্ধভাবে চুয়াডাঙ্গায় শারদীয় দুর্গপূজার মণ্ডপে আক্রমণ চালিয়েছে। স্থানীয় পুলিশ প্রতিরোধ করার চেষ্টা করলে শিবিরের একজন কর্মী নিহত হয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, এ বছর ঈদুল আজহা ও দুর্গাপূজা কাছাকাছি সময়ে হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সব ধর্মাবলম্বী তাঁদের উৎসব আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করবেন এটাই সর্বজনের কাম্য। এ জন্য পুলিশ প্রশাসনের সঙ্গে শুভবুদ্ধিসম্পন্ন মানুষও সক্রিয় থাকবেন বলে তাঁরা প্রত্যাশা করেন।
বাংলাদেশ রুখে দাঁড়াও নির্বাহী পরিষদের পক্ষে বিজ্ঞপ্তিতে সই করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী। বিবৃতি দেন সংগঠনের আহ্বায়ক সুলতানা কামাল, সংগঠনের নির্বাহী পরিষদের সদস্য সৈয়দ শামসুল হক, আকবর আলী খান, কামাল লোহানী, রামেন্দু মজুমদার, রানা দাশগুপ্ত, জিয়াউদ্দিন তারেক আলী, আবেদ খান ও এম এম আকাশ। বিজ্ঞপ্তি।