সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের সাবেক কর্মকর্তা ও যুব প্রতিনিধিরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সাত দফা দাবি জানিয়েছেন। গতকাল শুক্রবার ঢাকা থেকে আসা একটি দল পাবনার সাঁথিয়ার বনগ্রাম এলাকা পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এ দাবি জানায়।
সাঁথিয়ার বনগ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা পরিদর্শনে যাওয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন সাবেক পুলিশ কর্মকর্তা সত্য রঞ্জন বাড়ৈ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস, কাবেরি গায়েন প্রমুখ। তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জেলার সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন। এতে আবেদ খান বলেন, ‘সুপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। ২০০১ সালের নির্বাচনের আগেও দেশে আমরা এ ধরনের ঘটনা লক্ষ করেছি। আমরা এমনটি আর দেখতে চাই না।’ তিনি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে থেকে নাগরিকের অধিকার বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। শিক্ষক রোবায়েত ফেরদৌস বলেন, ‘সব ধর্মের মানুষের সহাবস্থানে সুন্দর একটি বাংলাদেশ চাই।’