বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপন হচ্ছে। এখানে ‘ধর্ম যার যার, উৎসব সবার’ নীতিতে পূজার আনন্দ সবাই উপভোগ করছেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎকৃষ্ট উদাহরণ।
টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন ভারতীয় হাইকমিশনার।
হর্ষবর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশি পর্যটকদের জন্য ভারতের ভিসা-প্রক্রিয়া ক্রমেই সহজতর হচ্ছে। ভিসার জন্য কোনো ফি নেওয়া হয় না। তবে ভিসা প্রসেসিংয়ের জন্য ৬০০ টাকা জমা নেওয়া হয়। এ প্রক্রিয়া সহজীকরণের অংশ হিসেবে গত ঈদুল ফিতরের সময় অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট (ই-টোকেন) ছাড়া প্রায় ৬০ হাজার পর্যটককে এক বছরের ভিসা দেওয়া হয়েছে। পূজার সময় নারী পর্যটক ও তাঁদের পরিবারের সদস্যদেরও ই-টোকেন ছাড়া ভিসা দেওয়া হচ্ছে। এ ছাড়া জ্যেষ্ঠ নাগরিক ও মুক্তিযোদ্ধারা ই-টোকেন ছাড়া ভিসার আবেদন জমা দিতে পারছেন। তাঁরা পাঁচ বছর পর্যন্ত পর্যটক ভিসা পাচ্ছেন।
তিস্তা চুক্তি প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে অনেক বিষয়ে চুক্তি হচ্ছে। তিস্তার চুক্তির বিষয়টি প্রক্রিয়াধীন।