সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখতে রাষ্ট্রপতির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান যেকোনো মূল্যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখতে সম্মিলিত প্রচেষ্টা চালানোর জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১০ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় পর্যায়ের হিফজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির।রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি বলেন, ইসলামের নাম ভাঙিয়ে কোনো কোনো ব্যক্তি ও গোষ্ঠী দেশের সম্প্রীতি ও সহাবস্থানের ভিত বিনষ্ট করার তৎপরতায় লিপ্ত। তিনি এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ হচ্ছে উদারনৈতিক গণতান্ত্রিক দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি তার অলংকার। আমাদের এ ঐতিহ্য যেকোনো মূল্যে সমুন্নত রাখতে হবে। জিল্লুর রহমান বলেন, ইসলামে সন্ত্রাস বা জঙ্গিবাদের কোনো স্থান নেই। কেউ যাতে ইসলামের নাম ব্যবহার করে হীনকর্মে মদদ জোগাতে না পারে, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, পরমতসহিষ্ণুতা বাঙালির একটি অমূল্য সম্পদ। ইসলামের প্রকৃত শিক্ষা ও মর্মবাণীও তাই। পরে রাষ্ট্রপতি জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার ৩০ জন বিজয়ীকে স্বর্ণপদক প্রদান করেন।