এশিয়ার ধর্মীয় নেতাদের সম্মেলনে মরিয়ার্টি
সাম্প্রদায়িক সহিংসতা, দুর্নীতি বিভিন্ন দেশকে পর্যুদস্ত করেছে
সাম্প্রদায়িক সহিংসতা, ধর্মীয় উগ্রতা, দুর্নীতি ও দুঃশাসন এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশকে পর্যুদস্ত করেছে। আর এসবের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন ধর্মীয় নেতারা। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি গতকাল রোববার এশিয়ার ধর্মীয় নেতাদের সম্মেলনে বক্তৃতাকালে এ কথা বলেন। ‘এশিয়ায় গণতন্ত্র বিকাশে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা’ শীর্ষক চার দিনের এ সম্মেলন গতকাল রাজধানীর একটি হোটেলে শুরু হয়েছে। বিভিন্ন ধর্মবিশ্বাসের নেতাদের নিয়ে ইউএসএআইডি ও দি এশিয়া ফাউন্ডেশন আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ, আফগানিস্তান, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ভারত, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, থাইল্যান্ড, পূর্ব তিমুর ও তাজিকিস্তানের প্রায় ৭০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। মরিয়ার্টি বলেন, উন্নয়ন ও গণতন্ত্রের বিকাশ, সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান ও সহনশীলতা প্রতিটি জাতির বৈচিত্র্যের জন্য অপরিহার্য। যে সমাজে এসব উপাদান সমুন্নত নেই, সেখানে জনগণকে দুর্ভোগ সইতে হয়। সামাজিক ও ধর্মীয় নেতাদের উন্নয়ন কর্মকাণ্ডে কাজে লাগানোর ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রগণ্য দেশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব-সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করে গণতন্ত্র ও উন্নয়নের বিকাশে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে ঢাকায় এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী অংশীদারির ফলে স্বাস্থ্য, শিক্ষা, সংঘাত নিরসন, নারীর ক্ষমতায়ন ও সুশাসন বিকাশের ক্ষেত্রে ধর্মীয় ও অসাম্প্রদায়িক নেতাদের সামর্থ্য বাড়িয়েছে। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, পরস্পরের প্রতি সহনশীল আচরণের মাধ্যমে যাতে বাংলাদেশের সব সম্প্রদায় বসবাস করতে পারে, সে ব্যাপারে সক্রিয়ভাবে কাজ করছে ধর্ম মন্ত্রণালয়। তিনি বলেন, দেশের ইমাম প্রশিক্ষণ একাডেমির মাধ্যমে সারা দেশের ৬৫ হাজার ইমামকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত এসব ইমাম তাঁদের এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন। প্রতিমন্ত্রী জানান, ২০০৭ সাল থেকে ইউএসএআইডি ও দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় ইমামদের জন্য ৪৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করা হয়। উদ্বোধনী অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, দি এশিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ-প্রধান হাসান মজুমদার, ইউএসএআইডি ওয়াশিংটনের জ্যেষ্ঠ কর্মকর্তা আরি আলেক্সজান্ডার ও ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল।