সাম্প্রদায়িক সহিংসতা রাষ্ট্রদ্রোহের শামিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি নোয়াখালীর চৌমুহনীতে রামঠাকুর আশ্রমের সামনের একটি দোকানে অগ্নিসংযোগ করা হয়
ফাইল ছবি: প্রথম আলো

সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাগুলোকে ‘রাষ্ট্রদ্রোহের শামিল’ উল্লেখ করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এসব ঘটনার বিচার এবং সুষ্ঠু তদন্তের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

এ ধরনের আক্রমণের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ চার দফা জরুরি পদক্ষেপ দাবি করেছে তারা।
আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন শিক্ষক সমিতির নেতারা। এ সময় শিক্ষক সমিতির ১১ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে ঘণ্টাখানেক আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই প্রতিনিধিদলের সদস্যরা কুমিল্লা ও নোয়াখালীর ঘটনাস্থল পরিদর্শনের অভিজ্ঞতা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন।

শিক্ষক সমিতির সভাপতি মো. রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক মো. নিজামুল হক ভূইয়ার নেতৃত্বে প্রতিনিধিদলে শিক্ষক সমিতির আরও ছয়জন নেতা ছাড়াও ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী, সিন্ডিকেট সদস্য আবুল মনসুর আহাম্মেদ ও মোহাম্মদ হুমায়ুন কবির। সমিতির সভাপতি মো. রহমত উল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তাঁদের স্মারকলিপিটি পড়ে শোনান। পরে একে একে বক্তব্য দেন নিজামুল হক ভূইয়া, এ কে এম গোলাম রব্বানী, আবুল মনসুর আহাম্মেদ, শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক আবদুর রহিম, সদস্য আ জ ম শফিউল আলম ভূঁইয়া ও চন্দ্রনাথ পোদ্দার।

শিক্ষক সমিতির প্রতিনিধিদলের একাধিক সদস্য প্রথম আলোকে জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে দেওয়া বক্তব্যে শিক্ষকেরা কুমিল্লা ও নোয়াখালীর ঘটনাস্থল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন। এসব ঘটনার দৃষ্টান্তমূলক বিচারও দাবি করেন তাঁরা। সবার বক্তব্য শুনে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের আশ্বস্ত করেন যে সাম্প্রদায়িক সহিংসতায় জড়িত প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করা হবে।

স্মারকলিপিতে বলা হয়, যে মুহূর্তে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি জাতিসংঘসহ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছে, সেই মুহূর্তে ষড়যন্ত্রকারীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে রাষ্ট্রকে অস্থিতিশীল করতে তৎপর হয়েছে। এই একই অপশক্তি এর আগে কক্সবাজারের রামু, সুনামগঞ্জের সাল্লা ও বগুড়ায় গুজব সৃষ্টি করে এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছিল। এই অপশক্তির উদ্দেশ্য জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গঠনে জননেত্রী শেখ হাসিনার প্রয়াসকে বাধাগ্রস্ত করা।

স্মারকলিপিতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার পুনরাবৃত্তি রোধে চারটি জরুরি পদক্ষেপ দাবি করেছে শিক্ষক সমিতি।

দাবিগুলো হলো—

১. আশঙ্কা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট স্থানে সতর্কতামূলক ব্যবস্থা না নেওয়া ও হামলার সময়ে স্থানীয় প্রশাসনের সমন্বয়হীনতার যে অভিযোগ উঠেছে, তার তদন্ত করে এ ক্ষেত্রে কারও অবহেলা বা শৈথিল্য পাওয়া গেলে তা চিহ্নিত করে জবাবদিহি নিশ্চিত করা।
২. হামলার ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার, ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপ, আশ্রম, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া।
৩. দ্রুত বিচার ট্রাইব্যুনালে এসব ঘটনার বিচার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ধরনের আক্রমণের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
৪. ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামে যেকোনো সহিংসতা ও মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী যেকোনো অপতৎপরতা রোধে সর্বাত্মক সতর্কতা ও আইনের শাসন নিশ্চিতের উদ্যোগ নেওয়া।