সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির দায়ে তিন আসামির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী জেলার মানচিত্র

সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির মামলায় রাজশাহীর সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাবনার ৩ আসামির ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা হয়েছে। সোমবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় দেন।

দণ্ড পাওয়া আসামিরা হলেন পাবনার সুজানগর উপজেলার ভবানীপুর গ্রামের এমদাদ আলীর ছেলে আমিনুল এহসান (৪০), আতাইকুলা উপজেলার বনগ্রামের আমিন শেখের ছেলে জহিরুল ইসলাম (২০) ও বনগ্রাম পূর্বপাড়া গ্রামের মো. মতির ছেলে মো. খোকন (৩০)।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ২০১৩ সালের ২ নভেম্বর রাজীব নামের এক হিন্দু যুবকের ফেসবুক আইডি থেকে ধর্মকে কটাক্ষ করে পোস্ট দেওয়া হয়। এ ঘটনায় মুসলিমরা ক্ষুব্ধ হন। তাঁরা রাজীবের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর চালান এবং আগুন লাগিয়ে দেন।

বিষয়টি তদন্ত করতে গিয়ে পুলিশ দেখতে পায়, আমিনুল এহসান তাঁর ফটোকপির দোকান থেকে ধর্মীয় অবমাননাকর ছবি বিক্রি করেন। আর খোকন তা জহিরুলের কম্পিউটারের দোকান থেকে রাজীবের ফেসবুক আইডিতে আপলোড করেন। এ ব্যাপারে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় আতাইকুলা থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

আদালতের রায়
প্রতীকী ছবি

এরপর পুলিশ বিভিন্ন সময় আটজনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে আমিনুল ও জহিরুল নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাতজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আইনজীবী ইসমত আরা জানান, রায় ঘোষণার সময় আটজন আদালতে ছিলেন। শুধু সাজাপ্রাপ্ত খোকন ও খালাস পাওয়া আরেকজন পলাতক ব্যক্তি হাজির হননি। রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত দুজনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।