সাম্প্রদায়িক সহিংসতাকারীদের রুখে দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে জড়িত লোকজনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন চট্টগ্রামের সংস্কৃতিকর্মীরা।
গতকাল সোমবার বিকেলে চট্টগ্রামে উদীচী আয়োজিত সাম্প্রদায়িকতাবিরোধী মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এ সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে পরিকল্পিতভাবে বিভিন্ন গুজব সৃষ্টি করে একের পর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর হামলা করা হচ্ছে। তাঁরা বলেন, সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে জড়িত লোকজনের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। তারা সরকারি দলের হোক কিংবা বিরোধী দলের হোক, তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর হতে হবে। এটা যদি পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের জন্য করা হয়, তাহলে সেই সহিংসতার সঙ্গে কারা জড়িত, তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করতে হবে।
উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি শহীদজায়া বেগম মুশতারী শফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুনীল ধরের সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল মনসুর, নারীনেত্রী নূরজাহান খান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি দেলোয়ার মজুমদার, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহসভাপতি ডা. চন্দন দাশ, সাংবাদিক এম নাসিরুল হক, কবি কামরুল হাসান, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, নারীনেত্রী লুৎফা কবির প্রমুখ।
সমাবেশে সাম্প্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগ, খেলাঘর, বোধন, প্রমা, চারণ, মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠন সংহতি প্রকাশ করে।